বিজ্ঞাপন

ক্রিকেটকে বিদায় জানানোর পর যা বললেন রাহানে

ক্রিকেটকে বিদায় জানানোর পর যা বললেন রাহানে

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার কয়েক দিন পর এবার সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করলেন অজিঙ্ক রাহানে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভারতের সাবেক এই ব্যাটসম্যান জানিয়েছেন, অবসরের পর পাওয়া অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা তাকে আবেগী করে তুলেছে।

রাহানে লিখেছেন, 'এত বার্তা, শুভেচ্ছা ও সমর্থনের জন্য প্রত্যেককে মন থেকে ধন্যবাদ জানাই। এই ভালোবাসা দেখে মন ভরে গেছে। সারা জীবন এই ভালোবাসা মনে থাকবে।'

গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তায় আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি প্রথম শ্রেণি, ঘরোয়া ক্রিকেট ও আইপিএল—সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

ভিডিওতে রাহানে বলেন, 'জীবনের সব কিছুরই যেমন শুরু আছে, তেমনি শেষও আছে। সময় আসলে তাকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যেতে হয়। ব্যাটিংয়ের সময় আমি সবসময় টাইমিংয়ের ওপর গুরুত্ব দিতাম। তাই সময়ের গুরুত্ব জানি। আমার মনে হয়েছে, এগিয়ে যাওয়ার এটাই সেরা সময়।'

নিজের দীর্ঘ ক্রিকেটজীবনের শুরুর দিনগুলোর কথাও স্মরণ করেন তিনি, 'ডম্বিভলির যে ছেলেটা প্রতিদিন সকালে অনুশীলনে যেত, সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করত, তার একটাই স্বপ্ন ছিল—ভারতের জার্সি পরা। সবসময় দলকে নিজের আগে রেখেছি, সততার সঙ্গে খেলেছি। বিশ্বাস করেছি, সঠিক মানসিকতা নিয়ে খেললে ক্রিকেট আপনাকে অনেক কিছু ফিরিয়ে দেবে।'

ভারতীয় ক্রিকেটের পরিবর্তনেরও সাক্ষী ছিলেন বলে উল্লেখ করেন রাহানে, 'অভিষেকের দিন থেকে গত ২০ বছরে ভারতীয় ক্রিকেট অনেক বদলেছে। সেই পরিবর্তনের অংশ হতে পেরে আমি গর্বিত। জয়-পরাজয় থাকবে, কিন্তু একসঙ্গে ক্রিকেট খেলার আনন্দটাই আমার কাছে সবচেয়ে বড়।'

ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি খেলেছেন রাহানে। টেস্টে করেছেন ৫,০৭৭ রান, ওয়ানডেতে ২,৯৬২ এবং টি-টোয়েন্টিতে ৩৭৫ রান। 

প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১ ম্যাচে ১৪ হাজারের বেশি রান করেছেন তিনি, যেখানে রয়েছে ৪১টি শতক ও ৫৯টি অর্ধশতক। ভারতের হয়ে ছয়টি টেস্টে অধিনায়কত্ব করে চারটিতে জিতেছেন, দুটি ড্র করেছেন।

এইচজেএস