ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিশ্বকাপসহ অন্যান্য প্রধান ফুটবল প্রতিযোগিতার শেয়ার বিক্রির বিতর্কিত প্রস্তাব নজিরবিহীন বাধার মুখে পড়ে ভেস্তে গেছে। আর ফিফার এই বাণিজ্যিক পদক্ষেপের বিরুদ্ধে মূল প্রতিরোধের নেতৃত্বে ছিলেন উয়েফার নির্বাহী কমিটির দুই নারী সদস্য- ওয়েলসের লরা ম্যাকঅ্যালিস্টার এবং নরওয়ের লিসে ক্লাভনেস।
ফিফা প্রধানের এই প্রস্তাবের প্রেক্ষাপটে উয়েফা ১৫০ জন ফুটবল কর্মকর্তার অংশগ্রহণে একটি জরুরি জুম মিটিং আহ্বান করে। উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন ও অন্যান্য পুরুষ কর্মকর্তারা আলোচনার সূচনা করলেও বৈঠকের মোড় ঘুরিয়ে দেন লরা ম্যাকঅ্যালিস্টার। তিনি ইনফান্তিনোর সিদ্ধান্তকে ফুটবলের অস্তিত্বের জন্য হুমকি আখ্যা দিয়ে ফিফা টুর্নামেন্টগুলো পুরোপুরি বয়কট করার আহ্বান জানান।
একই বৈঠকে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের প্রথম নারী সভাপতি লিসে ক্লাভনেস ফিফার শাসনব্যবস্থায় সংস্কার এবং নীতিগত পরিবর্তনের সুনির্দিষ্ট দিকনির্দেশনা তুলে ধরেন। তাদের এই কঠোর ও স্পষ্ট অবস্থানের কারণেই শেষ পর্যন্ত ফিফার বাণিজ্যিক পরিকল্পনা বাতিল হতে বাধ্য হয়।
ওয়েলস নারী ফুটবল দলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে উয়েফার প্রথম নারী-নির্ধারিত আসনে নির্বাচিত হন।
নরওয়ের হয়ে ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্লাভনেস পেশায় একজন আইনজীবী। তিনি কাতার ও সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন এবং গাজা সংঘাতের মতো সংবেদনশীল আন্তর্জাতিক বিষয়েও পূর্বে সোচ্চার থেকেছেন।
বিশ্ব ফুটবলের নীতি-নির্ধারণী জায়গায় নারীদের প্রতিনিধিত্ব এখনও অত্যন্ত সীমিত। ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের মধ্যে মাত্র ১০টিতে নারী সভাপতি রয়েছেন এবং উয়েফার ২১ সদস্যের নির্বাহী কমিটিতে মাত্র দুজন নারী রয়েছেন।
এমএমএম/
