আলভারো আরবেলোয়া ফুলহ্যামের কোচিংয়ে নেতৃত্ব নেওয়ার পর দল ঢেলে সাজানোর অনুরোধ করেন। তার পছন্দের তালিকায় উপরের দিকে ছিলেন গনজালো গার্সিয়া। ২২ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ডকে পেয়ে গেলেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।
ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন গার্সিয়া। রিয়াল ও লন্ডন ক্লাব আনুষ্ঠানিকভাবে এই দলবদলের ঘোষণা দিয়েছে। চুক্তি করতে ইংলিশ ক্লাবকে খরচ করতে হয়েছে প্রায় ৪ কোটি ইউরো।
গার্সিয়া বলেছেন, ‘আমি এখানে আসতে পেরে খুব খুশি, আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার ওপর আস্থা রাখায় আমি বোর্ড ও আরবেলোয়াকে ধন্যবাদ জানাই। আমি খেলা শুরু করতে মুখিয়ে আছি।’
১০ বছর বয়সে মাদ্রিদের অ্যাকাডেমিতে যোগ দেন গার্সিয়া। প্রথম দলের সঙ্গে খেলেছেন ৩৫ ম্যাচ। এই বছরের শুরুতে স্পেনের জার্সিতেও অভিষেক হয়েছিল তার। রিয়াল তাকে নিয়ে বিবৃতিতে বলেছে, ‘গনজালো সবসময় রিয়াল মাদ্রিদের মূল্যবোধের মূর্ত প্রতীক হয়ে উঠেছেন। আমাদের ক্লাব তাকে তার নিষ্ঠা ও প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানায়। রিয়াল সবসময় তার বাড়ি হিসেবে থাকবে, তার জীবনের নতুন এই অধ্যায়ের জন্য তাকে ও তার পরিবারকে শুভ কামনা।’
মূলত নিয়মিত মাঠে নামার আশ্বাস পেয়েই ফুলহ্যামে যোগ দিয়েছেন গার্সিয়া। তিন মৌসুমে রিয়ালের জার্সিতে ৫১ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন। স্প্যানিশ কোচের অধীনে শিগগিরই তার অভিষেক হবে। ২৪ আগস্ট ফুলহ্যামের প্রতিপক্ষ চেলসি, যে দলের কোচ জাবি আলোনসোর সঙ্গেও ভালো জানাশোনা আছে গার্সিয়ার। এর চেয়ে দারুণ অভিষেক কি আর হতে পারে!
এফএইচএম
