বিজ্ঞাপন

আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ ফেরা নিয়ে উচ্ছ্বসিত স্মিথ

আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ ফেরা নিয়ে উচ্ছ্বসিত স্মিথ

আসন্ন ২০২৭ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আফ্রিকা মহাদেশে। ৫০ ওভারের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ প্রত্যাবর্তনকে ক্রিকেটের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ। দুই দশকেরও বেশি সময় পর আবারও আফ্রিকার মাটিতে বসতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের এই সর্ববৃহৎ আসর।

২০০৩ সালের পর এই প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে ওয়ানডে বিশ্বকাপ ফিরছে। ২০২৭ সালের এই টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া।

বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের জন্য মোট ১২টি স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে- যার মধ্যে ৮টি দক্ষিণ আফ্রিকায়, ৩টি জিম্বাবুয়েতে এবং ১টি নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে অবস্থিত।

গত দুটি আসরের ১০ দলীয় কাঠামোর বদলে ২০২৭ বিশ্বকাপে অংশগ্রহণ করবে ১৪টি দল। স্মিথের মতে, দল সংখ্যা বাড়ায় উদীয়মান দেশগুলোর জন্য বৈশ্বিক মঞ্চে নিজেদের প্রমাণের সুবর্ণ সুযোগ তৈরি হবে।

জোহানেসবার্গে ভেন্যু ও ব্র্যান্ড উন্মোচন অনুষ্ঠানে স্মিথ বলেন, ‘দীর্ঘদিন পর আবার আফ্রিকা কিংবা দক্ষিণ আফ্রিকায় পুরুষদের বৈশ্বিক কোনো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে। আয়োজক তিন দেশের প্রাণবন্ত পরিবেশ, দারুণ সমর্থক এবং ক্রিকেটের প্রতি অনুরাগ বিবেচনা করলে তারা এমন একটি বিশ্বমানের ইভেন্ট পাওয়ার পূর্ণ দাবিদার।’

তিনি আরও জানান, টি-টোয়েন্টির যুগেও ৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপের মর্যাদা ও ঐতিহ্য অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আলাদা। চার বছর পর পর আয়োজিত এই টুর্নামেন্ট জেতাই বিশ্বের প্রতিটি ক্রিকেট দলের প্রধান লক্ষ্য থাকে।

এমএমএম/