বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র সিনিয়র দলে কবে ডাক পাবেন কাভান সুলিভান, জানাল ফিফা

যুক্তরাষ্ট্র সিনিয়র দলে কবে ডাক পাবেন কাভান সুলিভান, জানাল ফিফা

মাউরিসিও পচেত্তিনো মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা আসার পর থেকেই দলটির নজর এখন ভবিষ্যতে। ২০৩০ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের আগে সামনে রয়েছে ২০২৭ কনকাকাফ নেশনস লিগ, ২০২৭ গোল্ড কাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক।

এসব প্রতিযোগিতা সামনে রেখে আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে ইউএসএমএনটি সিনিয়র দলে সুযোগ পেতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানসহ ছয় তরুণ তুর্কি।

ম্যাথিস অ্যালবার্ট: গতিময় ড্রিবলিং ও দুর্দান্ত টেকনিক নজর করেছেন জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে খেলা আলবার্ট। ২০১৫ ফিফা ক্লাব বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর ডর্টমুন্ডের এই তরুণ ফরোয়ার্ডকে নিয়ে আশাবাদী মার্কিন সমর্থকরা।

নোয়াকাই ব্যাংকস: অগসবার্গের সেন্টার-ব্যাক নোয়াকাই ব্যাংকস। বয়সটা মাত্র ১৯। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার শূন্যে বল দখলে পারদর্শী এবং নিখুঁত পাসিংয়ে পটু। বুন্দেসলিগায় নিয়মিত খেলা এই জার্মান-আমেরিকান ডিফেন্ডারকে ইতোমধ্যে একবার জাতীয় দলের স্কোয়াডে নেওয়া হয়েছিল, তবে অফিশিয়াল অভিষেক এখনও বাকি।

বেন ক্রেমাসচি: ইতালিয়ান ক্লাব পার্মাতে খেলেন ২১ বছর বয়সী মার্কিন ফুটবলার বেন ক্রেমাসচি। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০২৫-এ অ্যাডিডাস গোল্ডেন বুট বিজয়ী এই বক্স-টু-বক্স মিডফিল্ডার ইতোমধ্যেই পচেত্তিনোর অধীনে খেলার সুযোগ পেয়েছেন। ইনজুরি কাটিয়ে সিরি আতে পার্মার হয়ে ভালো করতে পারলে দ্রুতই আবার জাতীয় দলে ডাক পাবেন।

জেভিয়ার গোজো: ২০২৬ এমএলএস মৌসুমে ৬টি গোল ও ৫টি অ্যাসিস্ট করে আলো ছড়িয়েছেন জেভিয়ার গোজো। তীব্র গতি ও ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার পাশাপাশি ট্র্যাকিং ব্যাক ও প্রেস করে বল কেড়ে নেওয়ার অনন্য মানসিকতা তাকে এগিয়ে রেখেছে।

জুলিয়ান হল: চলতি মৌসুমে ৯টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন মাত্র ১৮ বছর বয়সী মার্কিন ফুটবলার জুলিয়ান হল। বল পজিশনিং ও ট্যাকটিক্যাল বিচক্ষণতার জন্য পরিচিত হল এমএলএস ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন।

কাভান সুলিভান: এমএলএস ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন মাত্র ১৬ বছর বয়সী তরুণ তুর্কি কাভান সুলিভান। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করা এই বিস্ময় বালক এমএলএস-এ ইতোমধ্যেই প্রায় ৩০টি ম্যাচ খেলেছেন। মাঠের আগ্রাসী মনোভাব ও চমৎকার ক্রিয়েটিভিটি কোচ পচেত্তিনোর পরিকল্পনার সঙ্গে মানানসই, যা খুব শিগগিরই তাকে সিনিয়র দলে নিয়ে আসতে পারে।

এমএমএম/

বিজ্ঞাপন