২০২৬-২৭ প্রিমিয়ার লিগ মৌসুম এখনও শুরু হয়নি, কিন্তু ইতোমধ্যে ইতিহাস গড়ে ফেলেছে।
নতুন স্থায়ী কোচ হিসেবে এই প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করতে যাচ্ছেন ৯ জন। শীর্ষ লিগের প্রথম সপ্তাহে এত বেশি নতুন কোচ আগে কখনো দেখা যায়নি।
লিভারপুল ও ম্যানচেস্টার সিটি থেকে শুরু করে নিউক্যাসল ইউনাইটেড ও চেলসি—লিগের প্রায় অর্ধসংখ্যক দলই তাদের কোচ পাল্টে ফেলেছে।
লিভারপুল নিয়োগ দিয়েছে আন্দোনি আইরালোয়াকে। বরখাস্ত আর্নে স্লটের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলার পদত্যাগের পর এনেছে এনজো মারেসকাকে। লিয়াম রোসেনিয়োরের দুর্ভাগ্যজনক বিদায়ের পর চেলসিতে আনা হয়েছে জাবি আলোনসোকে।
আইরায়োলার মেয়াদ শেষ হওয়ার পর বোর্নমাউথ নিয়োগ দিয়েছে মার্কো রোজকে। ভিক্টর পেরেইরার বিদায়ের পর নটিংহ্যাম ফরেস্ট এনেছে অলিভার গ্লাসনারকে। তিনি চলে যাওয়ার পর ক্রিস্টাল প্যালেসে এসেছেন পিয়েরে সেজ। ফুলহ্যাম নিয়োগ দিয়েছে আলভারো আরবেলোয়াকে, যেখানে মার্কো সিলভার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিয়েরান ম্যাককেন্নার পদত্যাগের পর গ্যারি ও’নেইলকে উত্তরসূরি করেছে ইপসউইচ টাউন। এডি হাওই পদত্যাগ করার পর মাথিয়াস জাইসলকে নিয়োগ দেওয়ার কথা নিউক্যাসল ইউনাইটেডের।
এর আগের রেকর্ড হয়েছিল ২০১৬-১৭ মৌসুমে, ওইবার নতুন আট কোচ নিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগ শুরু হয়েছিল। তার আগে ১৯৯৫-৯৬ মৌসুমে সাত ক্লাব নতুন কোচ নিয়োগ দিয়েছিল।
২০১৯ সালে নিয়োগ পাওয়া আর্সেনালের মিকেল আর্তেতা এখন লিগের সবচেয়ে দীর্ঘমেয়াদী কোচ। সাত বছর ধরে এমিরেটসে তিনি। তবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে বর্তমানে সবচেয়ে দীর্ঘমেয়াদী কোচ ডিয়েগো সিমিওনে। অ্যাতলেটিকো মাদ্রিদের এই কোচ ২০১১ সালের ডিসেম্বরে ক্লাবটির দায়িত্ব নেন।
এফএইচএম
