বিজ্ঞাপন

রিয়াল ছাড়ছেন ভিনি, লন্ডন থেকে তার এজেন্টের নতুন বার্তা!

রিয়াল ছাড়ছেন ভিনি, লন্ডন থেকে তার এজেন্টের নতুন বার্তা!

রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তার এজেন্ট মাইকেল ইয়োরমার্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'লন্ডন, আমি আসছি। চলো যাওয়া যাক!' আর তাতেই আরও জোরালো হয়েছে আর্সেনালে ভিনিসিয়ুসের সম্ভাব্য দলবদলের গুঞ্জন।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস–এর দাবি, আর্সেনাল কোচ মিকেল আরতেতা দীর্ঘদিন ধরেই ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে দলে ভেড়াতে আগ্রহী। এমনকি আক্রমণভাগের কেন্দ্রীয় চরিত্র হিসেবে তাকে গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন আরতেতা। ফলে ইয়োরমার্কের আকস্মিক লন্ডন সফরকে নিছক কাকতালীয় ঘটনা হিসেবে দেখছেন না ইউরোপীয় ফুটবল বিশ্লেষকেরা।

২৬ বছর বয়সী ভিনিসিয়ুস জাতীয় দলের ছুটি কাটিয়ে সম্প্রতি রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দিয়েছেন। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। গত কয়েক মাসে নতুন চুক্তি নিয়ে একাধিক দফা আলোচনা হলেও এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

এ অবস্থায় রিয়াল মাদ্রিদের সামনে কঠিন সমীকরণ। ক্লাব চাইলে দ্রুত নতুন চুক্তি সম্পন্ন করতে পারে। অন্যথায়, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে চলতি গ্রীষ্মেই মোটা অঙ্কের ট্রান্সফার ফিতে তাকে বিক্রি করে দেওয়া আর্থিকভাবে বেশি লাভজনক হতে পারে।

এ দিকে কিলিয়ান এমবাপে দলে যোগ দেওয়ার পর ভিনিসিয়ুসের অবস্থান আগের মতো শক্ত নেই বলেও বিভিন্ন ইউরোপীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সেই পরিস্থিতিই দলবদলের গুঞ্জনকে আরও জোরালো করেছে।

দলবদলের বাজার বন্ধ হতে খুব বেশি সময় বাকি নেই। ফলে রিয়াল মাদ্রিদের সামনে এখন তিনটি পথ খোলা—ভিনিসিয়ুসের সঙ্গে দ্রুত নতুন চুক্তি করা, উপযুক্ত প্রস্তাব পেলে আর্সেনাল বা অন্য কোনো ক্লাবের কাছে তাকে বিক্রি করে দেওয়া, অথবা বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তাকে দলে রেখে দেওয়া।

এইচজেএস