বিজ্ঞাপন

বিশ্বের সেরা রাইট-ব্যাকদের তালিকায় হাকিমির আধিপত্য

বিশ্বের সেরা রাইট-ব্যাকদের তালিকায় হাকিমির আধিপত্য

আধুনিক ফুটবলে রাইট-ব্যাকের ভূমিকা শুধু রক্ষণে সীমাবদ্ধ নেই। আক্রমণ গড়া, সুযোগ তৈরি করা, আবার প্রয়োজন হলে রক্ষণে ফিরে এসে দলকে বাঁচানো সবকিছুতেই সমান দক্ষ হতে হয়। সময়ের সেরা রাইট-ব্যাকদের মধ্যে সবচেয়ে এগিয়ে হাকিমি।

ইউরোপের শীর্ষ লিগগুলোতে আর্সেনাল, বার্সেলোনা, টটেনহাম, চেলসি ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলছেন একাধিক মানসম্পন্ন রাইট-ব্যাক। কেউ আক্রমণে বেশি কার্যকর, কেউ আবার রক্ষণে দুর্ভেদ্য। তবে সেরা ফুটবলাররা এই দুই দিকই সমান দক্ষতায় সামলান।

৫. ড্যানিয়েল মুনোজ (ক্রিস্টাল প্যালেস)

গত মৌসুমে প্রিমিয়ার লিগে প্যালেসের সবচেয়ে ধারাবাহিক পারফর্মারদের একজন ছিলেন তিনি। এরপর বিশ্বকাপেও কলম্বিয়ার হয়ে দুর্দান্ত খেলেছেন এবং দলের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। অনেকেরই আক্ষেপ, ক্যারিয়ারের শুরুটা যদি আরও আগে বড় মঞ্চে হতো, তাহলে হয়তো ইউরোপের কোনো শীর্ষ ক্লাবেই নিজের সেরা সময় কাটাতেন মুনোজ।

৪. পেদ্রো পোরো (টটেনহাম)

কয়েক মাস আগেও এই তালিকায় পেদ্রো পোরোকে চার নম্বরে রাখা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতো। টটেনহামের বাজে মৌসুমে তার পারফরম্যান্সও সমালোচনার মুখে পড়েছিল। তবে জাতীয় দলে লুইস দে লা ফুয়েন্তের অধীনে খেলেই নিজের প্রকৃত সামর্থ্য দেখিয়েছেন তিনি। বিশ্বকাপে পোরো ছিলেন পরিণত, নির্ভরযোগ্য এবং আক্রমণেও সমান কার্যকর—একজন পরিপূর্ণ রাইট-ব্যাকের প্রতিচ্ছবি।

৩. রিস জেমস (চেলসি)

রিস জেমসের সবচেয়ে বড় শক্তিই কখনো কখনো তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। রাইট-ব্যাকের পাশাপাশি মিডফিল্ডেও সমান দক্ষ চেলসি অধিনায়ক। তবে তার সেরা অবস্থান এখনো রাইট-ব্যাকই। শারীরিক সক্ষমতা ধরে রাখতে পারলে বিশ্বের সেরা দুই-একজনের সঙ্গে লড়াই করার সামর্থ্য রয়েছে তার।

চোটের কারণে গত মৌসুমের বড় একটি সময় মাঠের বাইরে ছিলেন তিনি। বিশ্বকাপেও পুরোটা খেলতে পারেননি। এ ছাড়া চেলসির বাজে পারফরম্যান্সও তার ব্যক্তিগত নৈপুণ্যকে কিছুটা আড়াল করেছে। 

২. ইউরিয়েন টিম্বার (আর্সেনাল)

গোল কিংবা অ্যাসিস্টের পরিসংখ্যান খুব বেশি সমৃদ্ধ নয় ইউরিয়েন টিম্বারের। তাই দানি আলভেস বা কাফুর মতো আক্রমণাত্মক ফুল-ব্যাকদের সঙ্গে তার তুলনা করা হয় না। তবে রক্ষণে তার অসাধারণ দক্ষতাই তাকে বিশ্বের অন্যতম সেরা রাইট-ব্যাকে পরিণত করেছে।

ওয়ান টু ওয়ান ডিফেন্ডিংয়ে টিম্বারকে বর্তমানে বিশ্বের সেরাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। পাশাপাশি দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের খুব কাছেও নিয়ে গিয়েছিলেন।

১. আশরাফ হাকিমি (পিএসজি)

বিশ্বসেরা রাইট-ব্যাকের প্রশ্নে হাকিমির নাম নিয়ে প্রায় কোনো বিতর্কই নেই। ২০২২ আফ্রিকা কাপ অব নেশনস চলাকালে কিলিয়ান এমবাপে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, 'হাকিমি। বিশ্বের সেরা রাইট-ব্যাক। শুভরাত্রি।'

সময়ের সঙ্গে সেই মূল্যায়ন আরও শক্তিশালী হয়েছে। টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জয়, ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্স এবং আন্তর্জাতিক ফুটবলে মরক্কোকে অন্যতম শক্তিশালী দলে পরিণত করার পথে গুরুত্বপূর্ণ অবদান—সব মিলিয়ে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে আছেন হাকিমি।

এইচজেএস 

বিজ্ঞাপন