সৌম্য সরকার—অনেকটা হুট করেই জাতীয় দলে ডাক পান, আবার নীরবে বাদও পড়ে যান। ৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন টাইগার এই ব্যাটার। তার ফেরা নিয়ে কথা বললেন সাবেক নির্বাচক হান্নান সরকার।
আজ মিরপুরে হান্নান বলেন, ‘সৌম্য যখন সবশেষ এনসিএল খেলেছে তখনও কিন্তু পারফর্ম করেছে। লম্বা ইনিংসটা কিভাবে খেলতে হয় সেটা কিন্তু সে জানে। সেই সঙ্গে তানজিদ তামিম, অমিত হাসান যদি অস্ট্রেলিয়ায় নিজেদের মানিয়ে নিতে পারে তাহলেই বড় খেলোয়াড় হতে পারে।’
সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সংস্করণে খেলেছিলেন সৌম্য সরকার। মূলত অস্ট্রেলিয়ার পেস সামলানোর চিন্তা থেকেই সৌম্যকে দলে নেওয়া হয়েছে। প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণার পর এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশারও।
তিনি বলেছিলেন, ‘সৌম্য সরকার অনেক দিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে। যে পেসটা আমরা ধারণা করছি অস্ট্রেলিয়াতে, এটা খেলে সে অভ্যস্ত। আমরা অন্য ওপেনারের দিকেও চিন্তা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে আমাদের ডানহাতি ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই। আমরা যে কজনকে নিয়ে কাজ করছি, তারা একদম নতুন। তাদেরকে আসলে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যাওয়া তাদের জন্য একটু কঠিন হবে অবশ্যই।’

সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেই দলে ছিলেন হান্নানও, ‘২৩ বছর আগে স্বাভাবিকভাবেই অনেক পুরোনো স্মৃতি। আমি তখন জাতীয় দলে মাত্র এক বছর হয়েছে, তারপরে অস্ট্রেলিয়া ট্যুরটা পেলাম। স্মৃতি বলতে আসলে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা বিশাল একটা ব্যাপার ছিল। কারণ আমরা জানি, যে সময়টার কথা বলছি অস্ট্রেলিয়া তখন চ্যাম্পিয়ন দল, বিশ্ব ক্রিকেট ডমিনেট করে। নিশ্চিতভাবে এখনও অস্ট্রেলিয়াকে টপ টিম হিসেবেই কাউন্ট করা হয় কিন্তু তখনকার ব্যাপারটা একটু আলাদা ছিল হয়তো।’
'ওই সময়ে সময়সেরা বোলিং অ্যাটাক ছিল বলতে হবে। যদিও একমাত্র নাম দেখি শেন ওয়ার্ন হয়তো ওই টেস্টে খেলেনি, ওই টেস্ট সিরিজে খেলেনি। ম্যাকগিল খেলেছিল, সেও নিশ্চিতভাবে বিশ্বের অন্যতম সেরা স্পিনার ছিল। আর পেস বোলার যারাই ছিল-ম্যাকগ্রা, গিলেস্পি ওপেন করেছে, চেঞ্জে আসলো ব্রেট লি। ওয়ার্ল্ডের থ্রেট যদি বোলিং অ্যাটাক ধরা হয়, তখন সেটাই সেরা ছিল।'
প্রসঙ্গত, ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে ১৩ আগস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ২২ আগস্ট মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
এসএইচ
