বিজ্ঞাপন

২৪ জনের স্কোয়াডেও জিমি-রাকিন দুই ভাই

২৪ জনের স্কোয়াডেও জিমি-রাকিন দুই ভাই

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রাথমিক ক্যাম্প ছিল ৩৮ জনের। স্থানীয় কোচ মশিউর রহমান বিপ্লবের অধীনে দুই সপ্তাহের বেশি অনুশীলন হয়েছে। জার্মান কোচ গেরহার্ড পিটার আসার পর অনুশীলন ম্যাচ শেষে স্কোয়াড সংক্ষিপ্ত করে ২৪ এ নামিয়ে এনেছেন। আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে ২৪ জন নিয়ে অনুশীলন করিয়েছেন তিনি। 

হকিতে চূড়ান্ত স্কোয়াড ১৮ জনের। সেপ্টেম্বরের মাঝামাঝি গেমস। তাই আগস্ট মাস পর্যন্ত পিটারের হাতে সময় রয়েছে দল নিয়ে বিচার বিশ্লেষণ করার। খেলোয়াড় সংখ্যা কমে আসায় নিবিড়ভাবে খেলোয়াড়দের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দক্ষতায় বিশেষ জোর দেবেন কোচ। এরপরই এশিয়ান গেমসের জন্য মূল স্কোয়াড চূড়ান্ত করবেন৷ 

প্রাথমিক স্কোয়াডে শুরু থেকে ছিলেন না রাসেল মাহমুদ জিমি। ফেডারেশনের কমিটি বদল হওয়ার পর জিমি, মিমো, শিশির, নাইম, নিপ্পন ও সৈকত ডাক পেয়েছিলেন। ছয় জনের মধ্যে শুধু জিমি ও মিমো সংক্ষিপ্ত দলে নিজেদের নাম লেখাতে পেরেছেন।

রাসেল মাহমুদ জিমির ছোট ভাই খালেদ মাহমুদ রাকিন এক দশকের বেশি সময় হকিতে রয়েছেন। ক্লাব ও যুব দলে খেললেও জাতীয় দলে খেলার জন্য অনেক অপেক্ষা ছিল। সম্প্রতি এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে খেলার সুযোগ পান তিনি। জিমিকে ফেডারেশন দলে না ডাকায় দুই ভাই একসাথে খেলার সুযোগ হয়নি। এবার জিমি দলে ডাক পেয়েছেন এবং রাকিনও আছেন। তাই দুই ভাই একসাথে জাতীয় দলে অনুশীলন করছেন।

বর্তমানে ক্যাম্পে থাকা ২৪ জন খেলোয়াড় হলেন-

বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আল নাহিয়ান শুভ, মোঃ হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, এম এম মেহরাব হাসান সামিন, মোঃ রোমান সরকার, মোহাম্মদ ফজলে হোসেন রাব্বী, মোঃ আবেদ উদ্দিন, মোঃ শাহিদুর রহমান, ওবায়দুল হোসেন জয়, দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খীসা, আমান শরিফ, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিতুল, নুরুজ্জামান নয়ন, মাহবুব হোসন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ, মোঃ রাকিবুল হাসান।

এজেড/এইচজেএস