রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে চলমান জট এবার গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই ব্রাজিলিয়ান উইঙ্গারের প্রতিনিধিদের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের বৈঠকে বসবে স্প্যানিশ জায়ান্টরা। তবে ক্লাবের অবস্থান স্পষ্ট—এর আগে দেওয়া সর্বশেষ প্রস্তাবের চেয়ে এক ইউরোও বেশি দিতে রাজি নয় তারা।
বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুসকে নতুন করে প্রস্তাব দেয়। সেই প্রস্তাব অনুযায়ী, মৌসুমপ্রতি প্রায় ২২ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পেতে পারেন ২৬ বছর বয়সী এই তারকা। তবে ক্লাবের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এটিই তাদের সর্বোচ্চ সীমা।
অন্যদিকে ভিনিসিয়ুস ও তার প্রতিনিধিদের দাবি আরও বেশি। তারা বছরে প্রায় ৩০ মিলিয়ন ইউরো বেতন চান। ফলে দুই পক্ষের মধ্যে এখনো প্রায় ৮০ লাখ ইউরোর ব্যবধান রয়ে গেছে।
বর্তমানে ভিনিসিয়ুসের বার্ষিক বেতন প্রায় ১৭ মিলিয়ন ইউরো। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। অর্থাৎ, নতুন চুক্তি না হলে আগামী জানুয়ারি থেকেই বিদেশি ক্লাবগুলোর সঙ্গে প্রাক-চুক্তি (প্রি-কন্ট্রাক্ট) আলোচনায় বসতে পারবেন তিনি।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, এই সপ্তাহের বৈঠকে রিয়ালের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন ক্লাবের প্রধান স্কাউট জুনি কালাফাত। ভিনিসিয়ুসকে দলে আনার পেছনেও তার বড় ভূমিকা ছিল। এখন এই ব্রাজিলিয়ানকে দীর্ঘমেয়াদে ধরে রাখার চেষ্টাতেও তিনিই সামনে রয়েছেন।
যদিও আর্থিক ব্যবধান এখনো দূর হয়নি, তবু দুই পক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে। ভিনিসিয়ুসের প্রতিনিধি দল মনে করে, ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হতে যাচ্ছে এটি। ২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেওয়ার পর দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করেছেন তিনি। নিজেকে ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাই সেই অবদানের প্রতিফলনই তারা নতুন চুক্তিতে দেখতে চান।
তবে সমঝোতা না হলে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। চুক্তি নবায়ন পুরোপুরি ভেস্তে গেলে চলতি গ্রীষ্মেই ভিনিসিয়ুসকে বিক্রির বিষয়টি বিবেচনা করবে রিয়াল মাদ্রিদ। সে ক্ষেত্রে তার জন্য প্রায় ১৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দাবি করবে ক্লাবটি, যদিও তার চুক্তির মেয়াদ তখন আর মাত্র এক বছর বাকি থাকবে।
এদিকে পুরো গ্রীষ্মজুড়েই ভিনিসিয়ুসকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল। এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব না এলেও, খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে আড়ালে আলোচনা হয়েছে বলে দাবি বিভিন্ন প্রতিবেদনের। এমিরেটস স্টেডিয়ামে তার সম্ভাব্য যোগদান নিয়ে আশাবাদও তৈরি হয়েছে।
এইচজেএস
