বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ায় টেস্টের ভাগ্য গড়বেন পেসাররা, যে আশা হান্নানের

অস্ট্রেলিয়ায় টেস্টের ভাগ্য গড়বেন পেসাররা, যে আশা হান্নানের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ডারউইনে। প্রথম টেস্টের আগে তারা একটি প্রস্তুতি ম্যাচও খেলবে। ডারউইনের উইকেটে পেসাররা ছড়ি ঘোরাবেন বলে মনে করেন সাবেক নির্বাচক হান্নান সরকার। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ডারউইনের উইকেটসহ অন্যান্য বিষয় তিনি কাছ থেকে দেখেছেন।

অস্ট্রেলিয়া সিরিজে মিরাজ-তাইজুলদের চেয়ে তাসকিন-হাসানদের কাঁধেই দায়িত্ব বেশি জানিয়ে হান্নান বলেন, ‘(মাহমুদুল হাসান) জয় ৫ উইকেট নিয়েছিল, আমি মাঠেই ছিলাম। জয় আনপ্রেডিক্টেবল উইকেট পেয়েছে। জয়ের ৫ উইকেট দেখে মনে করতে পারি খুব টার্ন করছিল, আসলে তা না। রান নিয়ন্ত্রণের চেষ্টা হতে পারে। পেস বোলারদেরই লিড দিতে হবে। আর্লি উইকেট না নিতে পারলে অস্ট্রেলিয়ার রান কমানো কঠিন হবে। তবে মিরাজ-তাইজুল বিশ্বের অন্যতম অভিজ্ঞ, আমাদের সেরা দুই স্পিনার। টার্ন খুব বেশি পাবে বলে মনে হয় না।’

আবার উইকেটে কিছুটা টার্ন পেলে অজি স্পিনার নাথান লায়নও বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করেন হান্নান, ‘স্পিনাররা কিছুটা টার্ন পেয়েছিল টপ এন্ডে। তবে খুব টার্নিং উইকেট হয়তো হবে না। তাদেরও লায়ন আছে এটা মাথায় রাখতে হবে। তবে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই টেস্টে।’

অজিদের ব্যাকফুটে ঠেলে দেওয়ার বিষয়টা কঠিন বলেও মানছেন অনূর্ধ্ব-১৯ দলের এই প্রধান কোচ, ‘কিছুটা কঠিন। অসম্ভবই বলব। এই কন্ডিশনে আমাদের ওরা বেশি বল করেনি। এ ধরনের কন্ডিশনে বল করার আলাদা অভিজ্ঞতা লাগে। ট্র্যাডিশনাল লেন্থ আর এই কন্ডিশনের লেন্থ একটু আলাদা হয়। অস্ট্রেলিয়ার ৭০ রানে ৭ উইকেট ফেলা কঠিন। তবে ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই!’

এসএইচ/এএইচএস