বিজ্ঞাপন

বাশারের মতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারানো ‘অসম্ভব নয়’

বাশারের মতে অস্ট্রেলিয়াকে টেস্টে হারানো ‘অসম্ভব নয়’

২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছে বাংলাদেশ জাতীয় দল। দলের সঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনও এখন ডারউইনে অবস্থান করছেন। বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজে ২০০৩ সালে তিনি ছিলেন ভিন্ন ভূমিকায়। তখন বাশার ছিলেন ক্রিকেটার, এবার তিনি বাংলাদেশ দলেল প্রধান নির্বাচক। 

ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে বাশার অতীত স্মৃতি হাতড়ে বলেন, ‘গত ২৩ বছর আগে আমরাই এখানে (অস্ট্রেলিয়া) শেষ টেস্ট খেলেছিলাম। দীর্ঘ সময় পর আবারও ফরম্যাটটিতে খেলা হচ্ছে, আমার কাছে অবশ্য এটা কাকতালীয়, তবে প্রেক্ষাপটটা ভিন্ন। আমরা সবশেষ যখন খেলতে আসি, তখন অস্ট্রেলিয়া অনেক শক্ত প্রতিপক্ষ। তখন তাদের সঙ্গে খেলা অনেক চ্যালেঞ্জ ছিল। ওই রকম অস্ট্রেলিয়া দলও আসলে আর কখনো হবে কি না সন্দিহান, সেটা অন্য লেভেলের দল ছিল।’

শক্তিমত্তায় অবশ্য এখনও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। এখন নিজেদেরও প্রত্যাশার পারদ বাড়ায় দুশ্চিন্তা বেশি বলে মনে করেন বাশার, ‘তখন আমরা নতুন শুরু করেছিলাম। যে কারণে আমাদের সারভাইভ করার চিন্তা ছিল। এবার সারভাইভ করতে যাচ্ছি না, আমরা ভালো কিছু করতে যাচ্ছি। এখন প্রধান নির্বাচকের ভূমিকায় থাকায় মনে হয় দায়িত্বটা আরও বেশি, ফলে এখন টেনশনও আরও বেশি থাকবে। তখন তো খেলার টেনশন ছিল, এখন মাঠের বাইরে বসে সেটা মোকাবিলা করতে হবে।’

সর্বশেষ জুনে দেশের মাটিতে সীমিত ওভারের সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টাইগাররা। এবার টেস্টেও তেমন কিছু সম্ভব কি না– প্রশ্নে সাবেক এই অধিনায়ক জানালেন, ‘এখন বাংলাদেশ আলাদা দল, তারা ভালো কিছু করতে যাচ্ছে। ওরাও ভালো দল, জয় আশা করাটা কঠিন, বেশ কঠিন প্রতিপক্ষ। আমরা আসলে সম্মান নিয়ে ফিরতে চাই, সেখানে জিততেও পারি ড্রও করতে পারি। আমরা নিউজিল্যান্ডে জিতেছি পাকিস্তানে জিতেছি, ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে, কিছুই আসলে অসম্ভব না।’

dhakapost

অস্ট্রেলিয়ার বাউন্স ও পেসবান্ধব কন্ডিশনে বাংলাদেশ পাঁচদিন লড়াই করতে পারবে কি না এমন প্রশ্নে বেশ কৌশলী উত্তর দিলেন প্রধান নির্বাচক, ‘জিম্বাবুয়ে টেস্ট বাদ দিলে কিন্তু আমরা ভালো খেলে আসছি। ধারাবাহিকভাবে খেলছিলাম। পাকিস্তানও শক্ত প্রতিপক্ষ, তাদের মাটিতে জিতেছি। ডারউইনে পাঁচদিন খেলতে পারব কি না সময় বলবে। তবে বাংলাদেশ দল আসলে এরকম চিন্তা ভাবনা করে খেলতে যাচ্ছে এমন নয়। ভালো কিছু করার চিন্তা নিয়ে খেলবে, পাঁচ দিনের চিন্তা এখন বাংলাদেশ করে না।’

শক্তিমত্তায় ব্যবধান থাকলেও, বাংলাদেশ এখন জয়ের জন্য খেলে বলে আত্মবিশ্বাস আছে বাশারের, ‘বাংলাদেশ তো খেলে এখন জেতার জন্য। ২০০৩ সালে এই চিন্তাটা ছিল না। তখন অস্ট্রেলিয়ার যে দল ছিল, তার সঙ্গে এখনকার দলের অনেক তফাৎ। তখন আমরা মাত্র শুরু করেছি খেলা, আর এখন টেস্ট ম্যাচ জেতার জন্য খেলি।’

এসএইচ/এএইচএস