বিজ্ঞাপন

হৃদয় ঝড়ের পর খরুচে সাকিব, ৪৭০ রানের ম্যাচ জিতে ফাইনালে জাফনা

হৃদয় ঝড়ের পর খরুচে সাকিব, ৪৭০ রানের ম্যাচ জিতে ফাইনালে জাফনা

লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংস প্রথম কোয়ালিফায়ারে আগে ব্যাট করে রানের পাহাড় গড়ল। গলে গ্যালান্টসও পাল্টা জবাব দিলো। কিন্তু মাঝের ওভারে তারা ছন্দ হারাল। তাতে শঙ্কায় পড়েও জাফনা ঠিকই ১৪ রানের জয়ে ফাইনালে উঠে গেল।

জাফনার ম্যাচ নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের আগ্রহ ছিল। কারণ দলটিতে খেলছেন দুই বাংলাদেশি তারকা তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। হৃদয় ব্যাট হাতে জাঁকালো এক ইনিংস খেললেন।

জাফনা ২ উইকেট হারিয়ে ২৪২ রান করে। এর মধ্যে প্রায় অর্ধেক রান এসেছে কামিল মিশারার ব্যাট থেকে। ৫৫ বলে ১০ চার ও ৭ ছয়ে ১০৮ রান করেন তিনি। দলীয় ৩৫ রানে ওপেনার আভিষ্কা ফার্নান্ডো আউট হওয়ার পর খাজা নাফাই ও কামিলের ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে বড় সংগ্রহের পথে নেয়।

May be an image of text

নাফাই ৩২ বলে ৫৪ রানে আউট হওয়ার পর কামিলের সঙ্গে জুটি বাঁধেন হৃদয়। তিনি মাত্র ২০ বল খেলে ২ চার ও ৫ ছয়ে হাফ সেঞ্চুরি করেন। দুজনেই অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

৪৯ বলে সেঞ্চুরি করা কামিল ৫৫ বল খেলে ১০৮ রানে অপরাজিত ছিলেন। ২১  বলে ৫৪ রানের হার না মানা ইনিংস খেলেন হৃদয়। দুজনের জুটি ছিল ৬৯ রানের।

২৪৩ রানের লক্ষ্য দিয়ে জাফনা ইনিংসের চতুর্থ বলে গলের উইকেট তুলে নেয়। তারপর পাওয়ার প্লেতে ঘুরে দাঁড়ায় গল। ৬ ওভারে ৮১ রান তোলে তারা। এর মধ্যে চতুর্থ ওভারে বল হাতে নিয়ে সাকিব ১৭ রান দেন। স্যাম হার্পার ও চারিথ আসালাঙ্কার ৭৫ রানের জুটি ভাঙে ষষ্ঠ ওভারে।

May be an image of text that says "#LPL2026 LPL បួលាមក DRITION TI THE PC CROUP Jaffna ANCHOR KINGS OFFICIALEROADCAST SLTMOBITEL PEOTV"

আসালাঙ্কা ২৭ রানে ফিরে যাওয়ার পর লিজাড উইলিয়ামস পরের ওভারে হার্পারকেও (৪৪) ফেরান। ১২তম ওভারে সাকিব বল হাতে নিয়ে ১১ রান দেন। বাঁহাতি স্পিনার পরের ওভারে ব্রেকথ্রু আনেন। নিজের তৃতীয় ওভারে ৮ রান দিয়ে চামিকা করুণারত্নেকে (৩৯) ফেরান তিনি। 

পরের ওভারে দাসুন শানাকা (৩৪) আউট হলে ম্যাচের গতিপথ পাল্টে যায়। তার ১৯ বলের ঝড়ো ইনিংসের অবসান ঘটে। শেষ দিকে কালুপাহানা ও কলমবাগে ঝড় তুললেও শুধু ব্যবধান কমেছে। শেষ দুই ওভারে ১৫ ও ২৩ রান তোলেন দুজনে। কিন্তু জেতার জন্যে তা যথেষ্ট ছিল না।  ৮ উইকেটে ২২৮ রান করে গল। ৪৭০ রানের ম্যাচ জিতে ফাইনালে উঠে গেল জাফনা।

সাকিব ৩ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন। ৪ ওভারে ৩২ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহামেদ সিরাজ।

আগামী ৮ আগস্ট বাংলাদেশ সময় রাত ৮টায় ফাইনাল। জাফনার প্রতিপক্ষ নির্ধারণ হবে আরও দুটি ম্যাচের পর। দ্বিতীয় কোয়ালিফায়ারে গল খেলবে কলম্বো ক্যাপস ও ক্যান্ডি রয়্যালসের মধ্যকার এলিমিনেটর বিজয়ীর বিপক্ষে। ওই ম্যাচের জয়ী দল উঠবে ফাইনালে।

এফএইচএম