অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর। কারণ আজ বুধবার ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। এদিন ডারউইনে দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়ে কোনো ধরনের অস্বস্তি অনুভব করেননি তিনি।
ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তার ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ছয়টায়। এই ম্যাচে লিটন খেলবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে।
বুধবার অনুশীলনের পর প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘লিটন আজ পূর্ণাঙ্গ অনুশীলন করেছে এবং পুরো সময়ই স্বাচ্ছন্দ্যে ছিল। সে উইকেটকিপিং ড্রিলেও অংশ নিয়েছে। আগামীকাল সকালে সিদ্ধান্ত নেওয়া হবে, সে প্রস্তুতি ম্যাচে খেলবে কি না।’
বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আশা করছে, প্রস্তুতি ম্যাচে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে লিটনকে পাওয়া যাবে।
ভিডিও বার্তায় পেসার হাসান মাহমুদ আজ বলেন, ‘আমার কাছে মনে হয় যে আমাদের যে প্রস্তুতি ম্যাচটা আছে, সেটা অবশ্যই ম্যাচের আগে প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে কন্ডিশন ও পিচের সঙ্গে মানিয়ে নিতে এটা আমাদের অনেক কাজে দেবে।’
তিনি আরও বলেন, ‘খুব ভালো অনুশীলন সেশন হচ্ছে। আজকে ফিল্ডিং হলো, ব্যাটিং হলো, বোলিং হলো। এরপরে অবশ্যই আমাদের আরও সামনে অনেক কাজ আছে। অনেক সেশন আছে। আশা করি যে সবাই তাদের প্রস্তুতি নেবে। আমরা খুব ভালো একটা শুরু পাব।’
এসএইচ/এফএইচএম
