বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আসন্ন ফুটবল মৌসুমে তাদের অংশগ্রহণ নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। আগামীকালকের মধ্যে তাদের বাফুফের ক্লাব লাইসেন্সিং ও ১৩ আগস্ট খেলোয়াড় নিবন্ধন করতে হবে। এর আগে অবশ্য ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে হবে। এমন সংকটময় মুহূর্তে কিংসের ওপর গতকাল আরেকটি নিষেধাজ্ঞা যোগ হয়েছে।
বসুন্ধরা কিংসের এতদিন খেলোয়াড় ও কোচদের দেনা-পাওনা ইস্যুতে ১১টি নিষেধাজ্ঞা ছিল। গতকাল ৫ আগস্ট আরেকটি নিষেধাজ্ঞা যোগ হয়েছে। ফলে কিংসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। এই নিষেধাজ্ঞা না কাটালে আসন্ন মৌসুমে দলবদল করতে পারবে না কিংস।
১ জুন থেকে ২০২৫-২৬ মৌসুমের দলবদল শুরুর কথা ছিল। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ফিফা নিষেধাজ্ঞা থাকায় কয়েক দফা পিছিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে নেওয়া হয়। ঢাকা আবাহনী তিন নিষেধাজ্ঞার মধ্যে দুটি প্রত্যাহার করেছে আরেকটি প্রক্রিয়াধীন। কিংসের ১১ নিষেধাজ্ঞা বেড়ে এখন ১২-তে দাঁড়িয়েছে।
৩ সেপ্টেম্বর পর্যন্ত ঘরোয়া ফুটবলের দলবদল। আগস্টের শেষ সপ্তাহে লিগ, ফেডারেশন কাপ শুরু হবে তাই ১৩ আগস্টের মধ্যে ন্যূনতম ২৩ জন ফুটবলারকে নিবন্ধন করাতে হবে। এর আগে ৭ আগস্টের মধ্যে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই দুটি ডেডলাইনই বাফুফের অধীনে থাকায় দেশের দুই শীর্ষ ক্লাবের জন্য পুনরায় নড়চড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
এজেড/
