বিজ্ঞাপন

হেক্সা মিশনের লক্ষ্য রংপুরের ফুটবলকন্যাদের

হেক্সা মিশনের লক্ষ্য রংপুরের ফুটবলকন্যাদের

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শিরোপাজয়ী রংপুর প্রমিলা ফুটবল দলের এবারের লক্ষ্য জেএফএ অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টে অংশ নিতে রংপুরের মেয়েরা এবার যাচ্ছে টাঙ্গাইলে।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সহযোগিতায় প্রতিবছর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ টুর্নামেন্টের আয়োজন করে আসছে। আগামীকাল শুক্রবার থেকে টাঙ্গাইল স্টেডিয়ামে আটটি দল নিয়ে শুরু হবে জেএফএ অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আনুষ্ঠানিকতা। উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় বিকেল সাড়ে চারটায় ঝিনাইদহ ফুটবল দলের মুখোমুখি হবে রংপুরের ফুটবলকন্যারা।

এ উপলক্ষ্যে বুধবার (৫ আগস্ট) পালিচড়া স্টেডিয়ামে প্রীতিভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর হোসেন আজাদ, সহ-সভাপতি শামীম খান মিসকিন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, বাফুফের কোচ মিলন মিয়া, ক্রীড়া সংগঠক ও সিনিয়র সাংবাদিক সরকার মাজহারুল মান্নান, সদ্যপুষ্করণী যুব স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ফরহাদুজ্জামান ফারুক, ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় খেলোয়াড়দের উদ্দেশ্যে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মনজুর হোসেন আজাদ বলেন, বাংলাদেশের মধ্যে পালিচড়া নামটা জানে না এমন কেউ নেই। এখানকার মেয়েরা রংপুরকে বাংলাদেশের মধ্যে শীর্ষস্থানে নিয়ে গেছে। নতুন কুঁড়ি স্পোর্টস চ্যাম্পিয়ন হয়েছে। এবারে টার্গেট জেএফএ চ্যাম্পিয়ন।

তিনি বলেন, আমার বিশ্বাস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আমাদের মেয়েরা প্রতিটি খেলায় জয় নিয়ে মাঠ ছাড়বে। আমরা আবারও চ্যাম্পিয়ন ট্রফি চাই। আর এটা করতে পারলে খেলোয়ারদের আকর্ষণীয় পুরস্কার দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

রংপুর জেলা প্রমিলা ফুটবল দলের কোচ রুমা আক্তার জানান, ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২১ এবং ২০২৫ সালে জেএফএ অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন রংপুর বালিকা দল। এবার টার্গেট হেক্সা চ্যাম্পিয়ন হওয়ার। আমরা আশা করছি, ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

দলের অধিনায়ক অনন্যা খানম বলেন, দারুণ ফর্মে আছে খেলোয়াড়রা। আমরা  জয়ের ধারাবাহিকতা ধরে রেখে লক্ষ্যে পৌঁছাতে চাই। নতুন কুঁড়ির শিরোপা আমাদের বেশি অনুপ্রাণিত করবে।

আগামী ১৬ আগস্ট রোববার এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এর আগে ৯ আগস্ট রংপুরকে লড়তে হবে চাঁপাইনবাবগঞ্জ এবং ১১ আগস্ট স্বাগতিক টাঙ্গাইল ফুটবল দলের মেয়েদের সঙ্গে।

জেএফএ অনুর্ধ-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে দুটি গ্রুপে মেয়েদের আটটি দল অংশ নিচ্ছে। এ গ্রুপে রয়েছে টাঙ্গাইল, রংপুর ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ এবং বি গ্রুপে গাইবান্ধা, রাঙ্গামাটি, মাগুরা ও রাজবাড়ী। আগামী ১৪ আগস্ট দু'টি সেমিফাইনাল খেলা শেষে ১৬ আগস্ট হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।