মাত্র ২৫ বছর বয়সেই পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড ও হ্যাম্পশায়ারের তরুণ ফাস্ট বোলার জন টার্নার। দীর্ঘদিন ধরে পিঠের চোটের সঙ্গে মোকাবিলা করছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জন্মগ্রহণকারী টার্নার ২০১৪ সালের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশ করেন। জাতীয় দলের পোশাকে তিনি ২টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ৩টি উইকেট শিকার করেছিলেন।
গত বছরের জুন মাসের পর থেকে চোটের কারণে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন এই তরুণ পেসার। হ্যাম্পশায়ারের সঙ্গে আরও দুই বছরের চুক্তি থাকলেও বারবার চোট ফিরে আসায় পেশাদার ক্রিকেট চালিয়ে যাওয়াকে আর সম্ভব মনে করেননি তিনি।
টার্নার জানান, ‘পেশাদার ও আন্তর্জাতিক ক্রিকেট খেলা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। হ্যাম্পশায়ার এবং ইংল্যান্ডের হয়ে খেলতে পারা ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতোই। স্ট্রেস ফ্র্যাকচারের কারণে এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকা এবং আগের চোটের ইতিহাস আমাকে আমার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে।’
হ্যাম্পশায়ারের ক্রিকেট পরিচালক জাইলস হোয়াইট তার বিদায়ে দুঃখ প্রকাশ করে বলেন, ‘জন একজন অসাধারণ প্রতিভা ছিলেন। হ্যাম্পশায়ার ক্রিকেটের প্রতিটি সদস্য তার পেশাদার ক্রিকেট ছাড়ার খবরে অত্যন্ত ব্যথিত।’
এমএমএম/
