ইংল্যান্ড ছেড়ে স্পেনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রদ্রি হার্নান্দেজ। স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়কের জন্য দরজা খোলা রেখেছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই দলের সঙ্গেই তার কথা হচ্ছিল। এই মিডফিল্ডার বেছে নিয়েছেন বার্সেলোনাকে।
বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। আর রিয়ালের ম্যানেজমেন্টকে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তিনি। অথচ বেশ মোটা অঙ্কের প্রস্তাব তাদের কাছ থেকে পেয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার।
রিয়ালের পরিচালকদের সঙ্গে কথা বলার সময় রদ্রি ক্লাবটির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখেছিলেন। কিন্তু সেখানে যাওয়ার ব্যাপারে সবসময় একটা দ্বিধা কাজ করছিল। মাদ্রিদ ক্লাবও সেটা বুঝতে পেরেছিল। অনেকটা নিশ্চিত ছিল যে, রদ্রিকে তারা পাচ্ছে না। স্পেন তারকার সিদ্ধান্তকে তারা শ্রদ্ধা জানিয়েছে।
কয়েক দিন আগে শেষ আলাপে রদ্রি জানিয়েছেন, কেন তিনি বার্সেলোনায় যেতে চান। তাদের খেলার ধরন, গার্দিওলার ছাপ ও জাতীয় দলের সঙ্গে কাতালান দলের খেলোয়াড়দের সখ্যতা তার এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখছে।
ভালদেবেবাসে রদ্রির এই ব্যাখ্যা উপলব্ধি করতে পেরেছে রিয়াল। তিনি যে পথ বেছে নিয়েছেন, তার জন্য শুভ কামনা জানিয়েছে তারা। চুক্তি নিয়ে তিনি দ্বিধাদ্বন্দ্বে থাকার কারণে কোনো সময় হইচই করতে দেখা যায়নি মাদ্রিদ ক্লাবকে। ম্যানসিটি ম্যানেজমেন্টের সঙ্গে দুইবার আলাপ করলেও তারা কখনো ট্রান্সফার নিয়ে কথা বলেনি।
হোসে মরিনহোকেও এই পরিস্থিতির ব্যাপারে জানানো হয়েছে। তিনি মনে করছেন, এই পজিশনের জন্য স্কোয়াডের মধ্যেই সমাধান আছে। জানা গেছে, এই চুক্তির জন্য সর্বোচ্চ ৬ কোটি ইউরো খরচ হবে বার্সেলোনার। চার বছরের চুক্তিতে বছরে খরচ করতে হবে ৩ কোটি ইউরো।
এফএইচএম
