ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে যখন টানাপোড়েন চলছে, ঠিক তখনই এক মিত্রকে পাশে পেলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আন্তর্জাতিক ফুটবলের তীব্র বিতর্কের মাঝেও আফ্রিকান ফুটবল কনফেডাশন (সিএএফ) ইনফান্তিনোর প্রতি তাদের সর্বসম্মত সমর্থন নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার সিএএফ-এর এক্সিকিউটিভ কমিটি সর্বসম্মতিক্রমে ইনফান্তিনোর পাশে থাকার সিদ্ধান্ত নেয়। এটি এমন এক দিনে ঘটলো, যেদিন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা সাফ জানিয়ে দিয়েছে—ইনফান্তিনো পদে থাকা অবস্থায় তারা ভবিষ্যতে ফিফার যেকোনো স্তরের বিশ্বকাপ বয়কট করতে বাধ্য হবে।
ফিফা মোট ২১১টি সদস্য দেশের মধ্যে সিএএফ-এর অধীনে রয়েছে ৫৪টি দেশ, যা ফিফা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভোট ব্যাংক হিসেবে কাজ করে। ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই এই অঞ্চলের সমর্থন পেয়ে আসছেন ইনফান্তিনো।
সিএএফ সভাপতি প্যাট্রিস মোতসেপে জানান, আফ্রিকান ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর বহু বছরের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ইনফান্তিনোকে একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করেন।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বা রাজস্ব বিক্রির একটি বিতর্কিত প্রস্তাব ঘিরে জাতীয় ফুটবল ফেডারেশনগুলোর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। তীব্র প্রতিক্রিয়ার মুখে পরবর্তীতে প্রস্তাবটি বাতিল করতে বাধ্য হয় ফিফা।
বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়া ইনফান্তিনোর জন্য আফ্রিকার এই সমর্থন নিশ্চিতভাবেই আগামী বছরের মার্চে হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনে একটি বড় স্বস্তি এনে দিলো।
এমএমএম/
