বিজ্ঞাপন

ফিফার বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগের পর জর্ডানের ব্যাংকে টাকা ঢুকল

ফিফার বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইলের’ অভিযোগের পর জর্ডানের ব্যাংকে টাকা ঢুকল

ফিফার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ তোলে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রিন্স আলী বিন হুসেইন। এর দুই দিন পর তাদের ব্যাংকে টাকা ঢুকেছে, যেটা পাওয়ার কথা ছিল আরও আট মাস আগে!

২০২৫ সালের আরব কাপ ফাইনালে অংশ নেওয়ার জন্য যে প্রাইজমানি পাওয়ার কথা ছিল জর্ডানের, সেই বকেয়া মিটিয়ে দিলো ফিফা। বৃহস্পতিবার আলী বিন হুসেইন নিশ্চিত করেছেন, জর্ডানের খেলোয়াড় ও স্টাফরা তাদের বকেয়া টাকা পেয়েছেন।

বিশ্বকাপসহ সব প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করতে চেয়েছিল ফিফা।  বিভিন্ন কনফেডারেশন ও জাতীয় সংগঠনগুলোর চাপের মুখে পরে সেটা বাতিল করলেও জর্ডান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ফিফা ইনফান্তিনোর সমর্থনের বিনিময়ে জর্ডানের বিভিন্ন সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছিল।

এর মধ্যে একটি সমস্যা ছিল, ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত আরব কাপের ফাইনালে তারা পৌঁছানোর পর থেকে আটকে থাকা প্রাইজমানি। প্রিন্স আলী এক্স-এ লিখেছেন, ‘গত ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত ফিফা আরব কাপের ফাইনালে জর্ডান জাতীয় দলের অংশগ্রহণের জন্য আমাদের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রাপ্য অর্থ আজ সকালে হঠাৎ করে প্রদান করায় ফিফা প্রশাসনকে ধন্যবাদ। এই তহবিলটি আট মাস আগেই পাওয়ার কথা ছিল।’

প্রিন্স আলী অভিযোগ করেছিলেন, বিশ্বকাপ চলাকলে ফিফা মৌখিকভাবে যোগাযোগ করে বলেছিল, প্রেসিডেন্টকে সমর্থন করলে তাদের ফুটবল অ্যাসোসিয়েশনকে দীর্ঘমেয়াদে সাহায্য করা হবে। ওই অভিযোগ নিয়ে মন্তব্য জানতে চাইলেও ফিফা সাড়া দেয়নি।

প্রিন্স আলী যোগ করেছেন, এই টাকা পাওয়াকে স্বাগত জানালেও ফিফার নেতৃত্বে ইনফান্তিনোকে নিয়ে তাদের বিদ্যমান উদ্বেগ কাটবে না। তিনি যোগ করেছেন, ‘এই সমস্যাগুলোর মুখোমুখি আমরা সবাই হই। এগুলো সাধারণত ফিফা সভাপতি নির্বাচনের সঙ্গে যুক্ত থাকে। ফিফার নেতৃত্বে উদ্বেগ নিয়ে আমার পরিষ্কার অবস্থানে এটা পরিবর্তন আনবে না। আমার এফএ ও আমি প্রেসিডেন্ট ইনফান্তিনোকে সমর্থন জানাব না, এমনকি তাকে ভোটও দেবো না।’

এফএইচএম

বিজ্ঞাপন