বিজ্ঞাপন

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইউনাইটেড ও আর্সেনালের দ্বৈরথ

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইউনাইটেড ও আর্সেনালের দ্বৈরথ

ট্রান্সফার উইন্ডোতে মুখোমুখি লড়াইয়ে নেমেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। ২১৮ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল বাজারমূল্যে শাখতার দোনেৎস্কের কাউয়া এলিয়াসকে দলে ভেড়াতে দৌড়ঝাঁপ শুরু করেছে দুই ইউরোপীয় জায়ান্ট।

নতুন মৌসুমের আগে আক্রমণভাগ ঢেলে সাজাতে চায় দুই ক্লাবই। একদিকে ওল্ড ট্রাফোর্ডে গোলসংকট মেটাতে এবং দলের আক্রমণভাগে বৈচিত্র্য আনতে একজন চটপটে ও দক্ষ ফরোয়ার্ড খুঁজছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, প্রিমিয়ার লিগের শিরোপাস্বপ্ন বাস্তবায়নে নতুন স্ট্রাইকার দলে যুক্ত করতে আগ্রহী আর্সেনাল।  

ব্রাজিলীয় এই তারকার এজেন্টের সঙ্গে ইতোমধ্যেই দুই দলের প্রাথমিক আলোচনা হয়েছে। ২১৮ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়ালের বাই-আউট ক্লজ বা রিলিজ ফি পরিশোধ করে দ্রুত চুক্তি সম্পন্ন করতে চায় উভয় পক্ষই।  

সেন্টার-ফরোয়ার্ড পজিশনের পাশাপাশি উইংয়েও সমান দক্ষতায় খেলতে সক্ষম এলিয়াস। ডি-বক্সের ভেতরে ক্লিনিক্যাল ফিনিশিং এবং কাউন্টার অ্যাটাকে গতি দিয়ে রক্ষণভাগ চূর্ণ করার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। অল্প বয়সেই লাতিন আমেরিকান ফুটবলে ধারাবাহিক পারফর্ম্যান্সের মাধ্যমে ইউরোপের শীর্ষ দলগুলোর নজর কেড়েছেন।  

দলবদল বিশেষজ্ঞ ও বিশ্ব গণমাধ্যমের খবর অনুযায়ী, খেলোয়াড়ের প্রতিনিধিরা দুটি প্রস্তাবই গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। এলিয়াসের প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দীর্ঘদিনের হওয়ায় এই দলবদল প্রক্রিয়া দ্রুতই আলোর মুখ দেখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমএমএম/