বিজ্ঞাপন

প্রথম ফেডারেশন হিসেবে ইনফান্তিনোর সরাসরি পদত্যাগ দাবি নরওয়ের

প্রথম ফেডারেশন হিসেবে ইনফান্তিনোর সরাসরি পদত্যাগ দাবি নরওয়ের

ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কের জেরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)। নরওয়ে প্রথম ফুটবল ফেডারেশন হিসেবে সরাসরি ফিফা সভাপতির পদত্যাগের আহ্বান জানাল।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা যায়, নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভনেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইনফান্তিনোর প্রতি তাদের আর কোনো আস্থা নেই।

বৃহস্পতিবার রাতে এনএফএফ-এর এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইনফান্তিনোর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে শেষে লিসে ক্লাভনেস বলেন, ‘আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে ইনফান্তিনোর প্রতি এখন আর কোনো আস্থা নেই। বিশ্ব ফুটবলে এখন এক ধরনের বিশৃঙ্খলা ও চরম মেরুকরণ তৈরি হয়েছে। তাই আমরা তাকে অবিলম্বে পদত্যাগের অনুরোধ করব, যাতে বিশ্ব ফুটবল সম্প্রদায় আবার সংগঠিত হতে পারে এবং ভবিষ্যতের দিকে তাকাতে পারে।’

তিনি আরও জানান, ইনফান্তিনোর নেতৃত্বের বিষয়ে এনএফএফ ধারাবাহিকভাবে উদ্বিগ্ন ছিল এবং এবার তা সব সীমানা পার করে গেছে। আগামী সপ্তাহের মধ্যেই ফিফাকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চিঠি পাঠাবে নরওয়ে।

কেবল পদত্যাগের দাবি জানিয়েই ক্ষান্ত হচ্ছে না নরওয়ে। ফিফার এথিক্স কমিটিতে তিনটি প্রধান ইস্যুতে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।

নরওয়ে জানিয়েছে, অন্যান্য প্রভাবশালী ফুটবল ফেডারেশনগুলোকেও তাদের এই পদক্ষেপে পাশে পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

যদিও ২০২৩ সালের নির্বাচনে নরওয়ে ইনফান্তিনোকে ভোট দেয়নি, তবে তারা আশা করেছিল তিনি ভালো কিছু সংস্কার বাস্তবায়ন করবেন। কিন্তু বর্তমান সংকট ফুটবল বিশ্বকে নতুন এক দোলাচলের মুখে ঠেলে দিয়েছে। ইউরোপীয় বেশ কিছু দেশ ইতোমধ্যেই ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে।

এমএমএম/

বিজ্ঞাপন