প্রাথমিক দৃশ্য ছিল— রদ্রিগো হার্নান্দেজকে নিয়ে আলোচনার টেবিলে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। সেই টেবিল উল্টে দিয়ে এই স্প্যানিশ মিডফিল্ডার বার্সেলোনার দিকে ঝুঁকেছেন। যা নিয়ে রিয়াল শিবিরে বেশ অস্থিরতা শুরু হয়েছে। অন্যদিকে, বার্সার জন্য এখন মাঠটা প্রায় ফাঁকা। ইতোমধ্যে তারা প্রাথমিক প্রস্তাব দিয়েছে সিটিকে, তবে টাকার অঙ্ক পছন্দ না হওয়ায় তা ফিরিয়ে দিলো ইংলিশ ক্লাবটি।
ইএসপিএনকে একাধিক সূত্র নিশ্চিত করেছে, আগামী কয়েকদিনও দুই ক্লাবের মধ্যে আলোচনা চলবে এবং চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যেই আলোচনা এগোবে। বার্সেলোনার প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সিটি। তবে রদ্রি আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হয়ে যেতে পারেন– এই বিষয়টিও বিবেচনায় নিয়ে তারা শেষ পর্যন্ত অবস্থান নরম করবে বলে আশাবাদী বার্সেলোনা।
সূত্রগুলো জানিয়েছে, বার্সেলোনার প্রথম প্রস্তাবের পরিমাণ ছিল প্রায় ৫ কোটি ইউরো (৫ কোটি ৮০ লাখ ডলার)। এর মধ্যে নির্দিষ্ট অঙ্কের পাশাপাশি বিভিন্ন শর্তসাপেক্ষ অতিরিক্ত অর্থও (অ্যাড-অন) ছিল। তবে ইএসপিএন সঠিক অঙ্ক জানতে চাইলে বার্সেলোনার প্রতিনিধিরা তা নিশ্চিত করেননি। চুক্তিটি দ্রুত চূড়ান্ত করতে আগামী কয়েক দিন সিটির সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বার্সেলোনা।
বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা পেদ্রি ও লামিনে ইয়ামাল টুর্নামেন্টের পর বিশ্রামের জন্য ছুটি কাটিয়ে সোমবার ক্লাবের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে, নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হওয়ার অপেক্ষায় ৩০ বছর বয়সী রদ্রি বর্তমানে পরিবারের সঙ্গে ইবিজায় ছুটি কাটাচ্ছেন। আবার রিয়াল মাদ্রিদ এখনও পুরোপুরি সম্ভাবনার বাইরে নয়। তবে ইএসপিএনের সূত্রগুলো বলছে, রদ্রির অগ্রাধিকার হলো বার্সেলোনায় ক্যারিয়ার চালিয়ে যাওয়া।

চলমান গ্রীষ্মকালীন দলবদল উইন্ডোতে বার্সেলোনা ইতোমধ্যে অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি এবং জেসি বিসিউকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে। পাশাপাশি জোয়াও কানসেলোর সঙ্গে চুক্তিও চূড়ান্ত করার আশা করছে ক্লাবটি। রবার্ট লেভান্ডফস্কির বিকল্প হিসেবে কাঙ্ক্ষিত ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতেও বার্সেলোনা নতুন করে চেষ্টা চালানোর পরিকল্পনা করছে। এরই মাঝে নতুন করে ঝাঁপিয়ে পড়েছে রদ্রির জন্য।
এর আগে স্পেনের হয়ে বিশ্বকাপ ও সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’জয়ী রদ্রি কয়েক সপ্তাহ ধরে রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা করছিলেন। তবে বার্সেলোনা জোরালোভাবে সেই দৌড়ে প্রবেশ করে বৃহস্পতিবার। এরই মধ্যে খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগত সমঝোতায় পৌঁছেছে কাতালান ক্লাবটি। এখন চুক্তির বাকি বাধা হলো রদ্রিকে ছাড়তে ম্যানচেস্টার সিটিকে রাজি করানো।
এএইচএস
