ফুটবলার কাজেম শাহ ইতালির রোমে ফ্লাইট জটিলতায় পড়েছেন। কানাডা থেকে দেশে আসার পথে তিনি এই বিড়ম্বনায় পড়েন। কাজেমের সাথে তার বাবা সাবেক ক্রিকেটার হালিম শাহ, মা এবং বোনও রয়েছেন।
ইতালির রোম থেকে কাজেমের বাবা হালিম শাহ বলেন, 'টরেন্টো থেকে বাংলাদেশ বিমানে রোমে আসার পর বিমানে আট ঘণ্টা বসে থাকতে হয়েছে। বিমানের জটিলতার কারণে পরবর্তীতে আমাদের হোটেলে স্থানান্তর করেছে।'
'কানাডিয়ান পাসপোর্ট থাকায় আমরা হোটেল পেয়েছি। যাদের সেনজেন ভিসা নেই কিংবা কানাডা, আমেরিকার পাসপোর্ট নেই জানি না তাদের কি অবস্থা এখনো। রোম থেকে ঢাকায় কখন পৌঁছাতে পারব জানি না।'-যোগ করেন তিনি।
বাংলাদেশ ফুটবল লিগে দলবদল চলছে। গত মৌসুমে কাজেম ঢাকা আবাহনীতে খেলেছেন। এই মৌসুমে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দলের সাথে চুক্তিবদ্ধ হননি।
এজেড/এইচজেএস
