বিজ্ঞাপন

স্বস্তির খবর পেল রিয়াল মাদ্রিদ

স্বস্তির খবর পেল রিয়াল মাদ্রিদ

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এডার মিলিতাও সুখবর দিয়েছেন রিয়াল মাদ্রিদ ভক্তদের। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার আবারও মাঠের অনুশীলন শুরু করেছেন। ফলে তার পুনর্বাসন প্রক্রিয়া সঠিক পথেই এগোচ্ছে।

গত মৌসুমের শেষ দিকে গুরুতর উরুর চোটে পড়েন মিলিতাও। চোটের কারণে অস্ত্রোপচারও করাতে হয় তাকে। সেই ধাক্কায় ২০২৬ বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের অন্যতম গুরুত্বপূর্ণ এই ডিফেন্ডার।

চোটের কারণে ২০২৬-২৭ মৌসুমের শুরুর দিকের বেশ কিছু ম্যাচেও মিলিতাওকে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। তবে শুক্রবার তাকে ভালদেবেবাসে অনুশীলন করতে দেখা গেছে। রিয়াল মাদ্রিদের ফিটনেস দলের এক সদস্যের তত্ত্বাবধানে এদিন অনুশীলন করেছেন তিনি।

প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরার জন্য অবশ্য এখনো বেশ কিছুটা সময় প্রয়োজন মিলিতাওয়ের। তাই তার দ্রুত মাঠে ফেরার সম্ভাবনা নেই। তবে মাঠের অনুশীলন শুরু করাটা পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে।

পোর্তো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই দলের রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন মিলিতাও। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারলে রক্ষণভাগে তার উপস্থিতি রিয়াল মাদ্রিদের জন্য বড় স্বস্তি হয়ে উঠবে।

এইচজেএস