বিজ্ঞাপন

হেমিংকে নেতৃত্বে রেখে নতুন পরিকল্পনার কথা জানাল বিসিবি

হেমিংকে নেতৃত্বে রেখে নতুন পরিকল্পনার কথা জানাল বিসিবি

প্রথমবার কিউরেটরদের জন্য লেভেল-১ কোর্স করতে যাচ্ছে বিসিবি। এই কোর্স পরিচালনার দায়িত্বে থাকবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং। দুই ভাগে হবে এই কোর্স, শুরুতে চট্টগ্রামে হবে দুই দিনব্যাপী কর্মশালা। পরে ঢাকাতে হবে দুই দিনের কর্মশালা।

বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর গ্রাউন্ডস কমিটি ক্রিকেট গ্রাউন্ড ও টার্ফ ব্যবস্থাপনায় পেশাদার দক্ষতা উন্নয়নের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো কিউরেটর লেভেল-১ কোর্স আয়োজন করতে যাচ্ছে। কোর্সটি পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট এবং আইসিসি-স্বীকৃত কিউরেটর টনি হেমিং।’

চট্টগ্রাম কর্মশালার ভেন্যু বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। ১১ থেকে ১২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে। অংশগ্রহণ করবে কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাচল, বিকেএসপি ও ফতুল্লার গ্রাউন্ড স্টাফের ৩০ জন।

ঢাকা কর্মশালার ভেন্যু শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর। ২৩–২৪ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে। মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর গ্রাউন্ড স্টাফের ৪০ জন এতে অংশ নেবেন।

বিসিবি আরও জানায়, ‘কোর্সটির উদ্দেশ্য হলো গ্রাউন্ড স্টাফদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা আরও শক্তিশালী করা এবং দেশের ক্রিকেট ভেন্যুগুলোর রক্ষণাবেক্ষণকে আরও উন্নত করে আরও ভালো ঘরোয়া ও আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সহায়তা করা। যারা সফলভাবে কোর্সটি সম্পন্ন করবেন, তারা বিসিবির পক্ষ থেকে একটি সনদ পাবেন।’

এসএইচ/এফএইচএম