বিজ্ঞাপন

অবসরের ১০ দিনের মধ্যেই আবার ক্রিকেটে ফিরছেন ভারতীয় ব্যাটার

অবসরের ১০ দিনের মধ্যেই আবার ক্রিকেটে ফিরছেন ভারতীয় ব্যাটার

কয়েক দিন আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আজিঙ্ক রাহানে। তবে ক্রিকেট থেকে পুরোপুরি দূরে থাকা হচ্ছে না ভারতের সাবেক এই ব্যাটারের। অবসরের ঘোষণার মাত্র ১০ দিনের মধ্যেই নতুন একটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার চুক্তি করেছেন তিনি।

৩০ জুলাই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছিলেন রাহানে। এবার নতুন করে ২২ গজে ফিরতে যাচ্ছেন তিনি। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) প্রথম আসরে নেদারল্যান্ডসের ফ্র্যাঞ্চাইজি আমস্টারডাম ফ্লেমসের হয়ে খেলবেন ভারতের সাবেক এই অধিনায়ক। রাহানের সঙ্গে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আমস্টারডাম ফ্লেমস। নতুন এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়াহও।

নতুন লিগে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাহানে। ক্রিকেটের মাধ্যমে ইউরোপে নতুন সম্ভাবনা তৈরির কথাও বলেছেন তিনি, ‘ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি বিশ্বাস করি, ক্রিকেটারদের দায়িত্ব হলো খেলাটাকে আরও শক্তিশালী করে তোলা। ইউরোপ ক্রিকেটে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। আগামী দিনে এই অঞ্চলটি ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় জায়গা হয়ে উঠতে পারে।’

ভারতের হয়ে রাহানে খেলেছেন ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে তার রান ৮ হাজারের বেশি। তিন সংস্করণ মিলিয়ে ১৫টি আন্তর্জাতিক শতক আছে তার।

অধিনায়ক হিসেবেও রাহানের ক্যারিয়ারে রয়েছে স্মরণীয় সাফল্য। ২০২০-২১ মৌসুমে তার নেতৃত্বেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফি ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। অ্যাডিলেডে প্রথম টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পরও রাহানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছিল ভারতীয় দল।

এইচজেএস