ভিসা আবেদনে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে পাকিস্তানের ক্রিকেটার হামজা নজরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই বছরের জন্য তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার পাশাপাশি ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করেছে বোর্ড।
এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, বোর্ডের মাধ্যমে ভিসার আবেদন করার সময় প্রয়োজনীয় সব তথ্য প্রকাশ করেননি হামজা। তদন্তে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করার অভিযোগও পাওয়া গেছে।
ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছিল পিসিবি। হামজাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়। তার বক্তব্য, উপস্থাপিত প্রমাণ ও সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে তদন্ত কমিটি বোর্ডের কাছে প্রতিবেদন ও সুপারিশ জমা দেয়।
সেই প্রতিবেদনের ভিত্তিতেই হামজাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় পিসিবি। এই সময়ে পাকিস্তানের ঘরোয়া ও আন্তর্জাতিক কোনো ক্রিকেটেই অংশ নিতে পারবেন না তিনি। পাশাপাশি দিতে হবে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা।
ভুল তথ্য দেওয়া বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার বিষয়টি যে পিসিবি কঠোরভাবে দেখে, বিবৃতিতে সেটিও স্পষ্ট করেছে বোর্ড। পিসিবি বলেছে, ‘ভুল তথ্য দেওয়া, তথ্য গোপন করা কিংবা বিভ্রান্তিকর তথ্য জমা দেওয়ার মতো ঘটনাকে বোর্ড অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এ ধরনের আচরণ পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে প্রত্যাশিত সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
বোর্ড আরও জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বা এর সঙ্গে সংশ্লিষ্টদের সুনাম ক্ষুণ্ণ করতে পারে—এমন কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। পিসিবির এই সিদ্ধান্তে দুই বছরের জন্য ক্রিকেটের বাইরে চলে গেলেন হামজা।
এইচজেএস
