বিজ্ঞাপন

বাবা হারানো মেসিকে সান্ত্বনা দিলো বার্সা-রিয়াল

বাবা হারানো মেসিকে সান্ত্বনা দিলো বার্সা-রিয়াল

হোর্হে মেসির এক যুগান্তকারী সিদ্ধান্তে লিওনেল মেসির ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। মাত্র ১৩ বছর বয়সে বর্তমান বিশ্বসেরা ফুটবলারের এজেন্ট হিসেবে তার শুরু। তারপর থেকে সার্বক্ষণিক ছেলের পাশে ছিলেন হোর্হে। দেড় দশকের বেশি সময় স্পেন ফুটবলে জাদু দেখান মেসি। বার্সেলোনায় শুরু, সেখানেই লিজেন্ডারি হয়ে উঠেছিলেন তিনি। তাকে কাতালান ক্লাবে আনার পেছনে বড় হাত ছিল বাবা হোর্হের। তার মৃত্যুতে তাই শোক জানাতে ভোলেনি বার্সা। তবে তাদের আগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ মেসিকে সান্ত্বনা জানিয়ে বার্তা দিয়েছে।

রিয়াল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতিতে জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ, এর সভাপতি এবং পরিচালনা পর্ষদ লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। আমাদের রাজকীয় ক্লাব লিওনেল মেসি, তার পরিবার ও সকল প্রিয়জনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’

এর কিছুক্ষণ পর নিজেদের আনুষ্ঠানিক অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বার্সেলোনা বলেছে, ‘এফসি বার্সেলোনার সভাপতি এবং পরিচালনা পর্ষদ বার্সেলোনার খেলোয়াড় ও কিংবদন্তি লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীরতম শোক প্রকাশ করছে এবং সকল বার্সেলোনা ভক্তের পক্ষ থেকে মেসি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

কাতালান ক্লাবটি আরও যোগ করেছে, ‘কাতালান ক্লাবটি আরও বলেছে, ‘বার্সেলোনা হোর্হে মেসিকে আমাদের ক্লাবের প্রতি তার অঙ্গীকার এবং তার ছেলে লিওর ফুটবল ক্যারিয়ারের শুরুতে ও যে বছরগুলোতে তার ক্যারিয়ার উজ্জ্বলতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল, সেই বছরগুলোতে আমাদের ওপর তার আস্থার জন্য ধন্যবাদ জানায়।’ শেষে তারা লিখেছে, ‘শান্তিতে বিশ্রাম নিন।’

এছাড়া মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ এক বিবৃতিতে জানায়, ‘হোর্হে মেসির প্রয়াণে নিউয়েলস ওল্ড বয়েজ গভীর দুঃখ ও শোক প্রকাশ করছে। তিনি ছিলেন (নিউয়েলসের) একজন সুপরিচিত সমর্থক, ব্যবসায়ী এবং আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসির বাবা। হোর্হে ছিলেন সেই অভিভাবক ও সহায়ক ব্যক্তিত্ব, যিনি স্ত্রী সেলিয়াকে সঙ্গে নিয়ে দূরদৃষ্টি, কঠোর নিষ্ঠা ও ভালোবাসার মাধ্যমে সর্বকালের সেরা ফুটবলারের ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছিলেন।’

তারা আরও বলেছে, ‘লিওনেলের পথচলার প্রতিটি পদক্ষেপে তার নিরবচ্ছিন্ন সমর্থন এবং নেপথ্যের নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবলও এক বিবৃতিতে ‘লিওনেলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা’ জানিয়ে গভীর সমবেদনা প্রকাশ করেছে।

এফএইচএম