বিজ্ঞাপন

সাকিব-হৃদয়কে হতাশ করে এলপিএল শিরোপা জিতল গল

সাকিব-হৃদয়কে হতাশ করে এলপিএল শিরোপা জিতল গল

লিগ পর্বে শীর্ষে থেকে লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছিল জাফনা কিংস। সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় থাকায় বাংলাদেশি ভক্তদের বিশেষ নজরে ছিল দলটি। কিন্তু গল গ্যালান্টসের কাছে হেরে গেল তারা। রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো সাকিব-হৃদয়কে।

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে চারিথ আসালাঙ্কা ও এশান মালিঙ্গার যৌথ ছয় উইকেটের ওপর ভর করে লো স্কোরিং ফাইনালে জয় তুলে নিয়েছে গল। জাফনাকে মাত্র ১২৩ রানে গুটিয়ে দেওয়ার পর ৫ উইকেটের জয় নিশ্চিত করে নিজেদের প্রথম লঙ্কা প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তোলে তারা, তখনও বাকি ছিল ২৫টি বল।

সাকিবেরসহ তিনটি উইকেট নিয়ে মালিঙ্গা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তালিকার শীর্ষে উঠে আসেন। ৯.৩২ ইকোনমি রেটে মোট ১৭টি উইকেট পান তিনি। ব্যাটিং অলরাউন্ডার আসালাঙ্কার সাথে দারুণ এক জুটিতে জাফনার মিডল অর্ডার ধসিয়ে দেন মালিঙ্গা।

জাফনার পক্ষে কেবল উইকেটকিপার-ওপেনার কামিল মিশারাই ২৫ এর বেশি রান করতে পেরেছিলেন। ১৩তম ওভারে মালিঙ্গার শিকার হওয়ার আগে তিনি ৩২ বলে ৪১ রান করেন।  হৃদয়-সাকিব দুজনেই ব্যাটিংয়ে ব্যর্থ। হৃদয় ১০ বলে করেন ১০ রান। সাকিব ১৩ বলে ৯ রান করেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন অলরাউন্ডার চামিন্দু বিক্রমেসিংহে, ১৬ বলে করেন ২৫ রান।

দুই হাতে স্পিন করতে সক্ষম থারিন্ডু রত্নায়েকেও ১৪ রান খরচায় তুলে নেন ২ উইকেট।

রান তাড়ায় নেমে গল প্রথম ওভারেই স্যাম হার্পারকে হারায়। তবে তার অস্ট্রেলীয় সতীর্থ টম রজার্স ২৭ বলে ৩৪ রানের ইনিংসে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। নবম ওভারে সাকিব আল হাসান জোড়া ধাক্কা দিয়ে রজার্স ও দিনুড়া কালুপাহানাকে (১৯ বলে ৩১) প্যাভিলিয়নে ফেরত পাঠান। এর কিছুক্ষণ পর চামিকা করুণারত্নে আউট হলেও দাসুন শানাকা ও সহান আরাচ্চিগে নিরাপদে গলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

সংক্ষিপ্ত স্কোর 

জাফনা কিংস : ১২৩/১০ (১৯.৩) 
গল গ্যালান্টস : ১২৬/৫ (১৫.৫)
ফলাফল : গল গ্যালান্টস ৫ উইকেটে জয়ী 
ম্যাচ সেরা : চারিথ আসালাঙ্কা 
সিরিজ সেরা : কামিল মিশারা 

এফএইচএম/এমএসএ