বিজ্ঞাপন

মেদিনার সামনে দোকানির ক্ষোভ

‘আর্জেন্টিনার খেলোয়াড়রা বিশ্বাসঘাতক, ফাইনালটা স্পেনের কাছে ছেড়ে দিয়েছে’

‘আর্জেন্টিনার খেলোয়াড়রা বিশ্বাসঘাতক, ফাইনালটা স্পেনের কাছে ছেড়ে দিয়েছে’

বিশ্বকাপে ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার এক ভক্তের কাছ থেকে মজার এক অভিজ্ঞতা অর্জনের কথা জানালেন ফাকুন্দো মেদিনা। তাকে চিনতে না পেরে এক গাড়ির গ্যারেজের মালিক ক্ষোভ প্রকাশ করেছেন এভাবে– ‘জাতীয় দলের খেলোয়াড়েরা বিশ্বাসঘাতক। তারা বিশ্বকাপটা স্পেনের কাছে ছেড়ে দিয়েছে।’

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গ্যারেজের মালিক মেদিনাকে মাতের (দক্ষিণ আমেরিকার একটি জনপ্রিয় ভেষজ পানীয়) কাপ দিয়ে অভ্যর্থনা জানান। এরপর এমন একটি মন্তব্য করেন, যা মেদিনার কাছে বেশ অপ্রত্যাশিত ছিল, ‘আর্জেন্টিনা জাতীয় দল বিশ্বকাপের ফাইনালটা স্পেনের কাছে ছুড়ে দিয়েছে।’

ওই ব্যক্তি তখনও বুঝতে পারেননি যে যার সামনে বসে এসব কথা বলছেন, তিনিই আর্জেন্টিনা জাতীয় দলের ডিফেন্ডার মেদিনা। আর মেদিনাও নিজের পরিচয় প্রকাশ না করে চুপচাপ পুরো বিষয়টি উপভোগ করার সিদ্ধান্ত নেন। প্রায় এক ঘণ্টা তিনি লোকটির কথা শোনেন এবং শেষ পর্যন্ত ধৈর্য ধরে পুরো পরিস্থিতি সামলান।

ঘটনার শুরু অবশ্য মেদিনার হাতে থাকা মাতের পাত্র থেকেই। সেটিতে আর্জেন্টিনা জাতীয় দলের তিনটি তারকা খোদাই করা ছিল। বিষয়টি চোখে পড়তেই গ্যারেজের কর্মী আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের সমালোচনা শুরু করেন। মেদিনার ভাষ্যমতে ওই লোক বলছিলেন, ‘জাতীয় দলের খেলোয়াড়রা বিশ্বাসঘাতক। তারা বিশ্বকাপটা ছুড়ে দিয়েছে।’

নিজের পরিচয় গোপন রেখে মেদিনা বরং জানতে চান, ওই ব্যক্তি আর কী মনে করেন। আর্জেন্টাইন ডিফেন্ডার বলেন, ‘আমি তাকে বললাম, এ বিষয়ে আমাকে আরেকটু বলুন। তখন সে বলতে শুরু করল, “না, আসলে আমরা এটা ছেড়ে দিয়েছি। আমরা ম্যাচটা ছুড়ে দিয়েছি।”’ স্ট্রিমিং চ্যানেল ‘আন পোকো দে রুইদো’-এর অনুষ্ঠান ‘তোদো পর লা মিসমা’য় নিজের এই অভিজ্ঞতা তুলে ধরেন মেদিনা।

তবে ঘটনার সবচেয়ে মজার অংশ আসে পরে। পাশের একটি বেকারি থেকে বের হওয়া এক প্রতিবেশী মেদিনাকে চিনতে পারেন এবং গ্যারেজের মালিকের সঙ্গীকে বিষয়টি জানান। মেদিনাকে দেখে ওই নারী প্রায় বাকরুদ্ধ হয়ে যান। মেদিনার ভাষায়, ‘আমি একটু দূরে সরে গিয়ে তাকে কাদতে দেখলাম। সে ভাবছিল, “সে এখানে কীভাবে থাকতে পারে!”’ পরিস্থিতি সামাল দিতে মেদিনা কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘আমি তাকে বললাম, “এখন কেঁদো না। আমরা কিছুই ছেড়ে দিইনি, আমরা জিততে চেয়েছিলাম।” এরপর আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম।’

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনার হারের হতাশা ও ক্ষোভ যে এখনও সমর্থকদের মধ্যে রয়েছে, মেদিনার এই মজার অভিজ্ঞতাই তার একটি স্পষ্ট উদাহরণ। এমনকি ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে লিওনেল মেসির বলা কিছু কথা ঘিরেও নানা জল্পনা ছড়িয়ে পড়ে।

এএইচএস