বিজ্ঞাপন

বিপিএলে অংশ নিতে চায় এলপিএলের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি

বিপিএলে অংশ নিতে চায় এলপিএলের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পর্দা নেমেছে দু’দিন আগে। জাফনা কিংসকে হারিয়ে এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে গল গ্যালান্টস। এলপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর গল এবার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে দল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ফাইনালের পর গল গ্যালান্টস মালিকপক্ষের একজন এই তথ্য জানিয়েছেন।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গেও তাদের আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। গল গ্যালান্টসের মালিকপক্ষের ওই সদস্য গণমাধ্যমকে বলেন, ‘এটা দারুণ এক অনুভূতি। এপ্রিলে যাত্রা শুরু, এরপর চার মাস কঠিন সময় ছিল। এরপর উত্থান-পতন ছিল। আমরা ঠিকভাবে পরিকল্পনা করেছি এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করেছি। প্লেয়ার ও সাপোর্টিং স্টাফরা এটা সম্ভব করেছে।’

বিপিএলে দল নেওয়ার বিষয়ে আরও আলোচনা করবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিপিএলে দল নেওয়া নিয়ে ভাবছি এবং আলোচনা করব। মাত্র এলপিএল শেষ হলো। আমরা বাংলাদেশের ব্যাপারে আলোচনা করব।’

‘আমি ভারতীয়, ভারত-পাকিস্তান ও বাংলাদেশে কত দর্শক হয় আমি জানি। বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। আশা করি আমরা বাংলাদেশেও থাকব। কারও নাম বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে’, আরও যোগ করেন গল গ্যালান্টসের ওই প্রতিনিধি।

বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস খেলার কথা ছিল এলপিএলের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটির হয়ে। তাকে দলে না পাওয়ার আক্ষেপও রয়েছে তাদের, ‘নুরুল হাসান সোহান গ্রেট। দুর্ভাগ্যবশত লিটনকে পাওয়া গেল না। তবে সোহান ছিল। সে সঠিক সময়ে জ্বলে উঠেছে। প্রয়োজনের সময় পারফর্ম করেছে। তবে লিটনকে অনেক মিস করেছি।’

এসএইচ/এএইচএস