লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে এতদিন পর্যন্ত সর্বোচ্চ ব্যাটিং গড় ছিল ভারতীয় ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়ের। সেই রেকর্ড তার হাতছাড়া হয়ে গেছে। নতুন করে সর্বোচ্চ গড়ে রান তুলেছেন ইংল্যান্ডের ক্রিকেটার জ্যাক লিবি। ইংলিশ লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ওয়ানডে কাপের চলতি আসরে তিনি টানা তিন ম্যাচে সমান ১০৯ রান করেছেন। ফলে এই সংস্করণের ৫৩ ইনিংসে লিবির গড় এখন ৬১.৪।
এই সংস্করণে কমপক্ষে ৫০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে এটাই সর্বোচ্চ। রেকর্ডটি এতদিন ভারতীয় তারকা গায়কোয়াড়ের ছিল। এখন পর্যন্ত ১০০ ইনিংস খেলা ডানহাতি ব্যাটসম্যানের গড় ৫৮.৬১। তার রেকর্ড ভেঙে দেওয়া লিবির অবশ্য এবারের ওয়ানডে কাপের শুরুটা ভালো ছিল না। তিন ম্যাচে তিনি ২, ২৫ ও ১২ রান করে আউট হয়ে যান।
তবে ওর্কেস্টারশায়ারের এই ৩৩ বছর বয়সী ব্যাটার পরবর্তী তিন ইনিংসে বাজিমাত করেছেন। গত ৭ আগস্ট সাসেক্সের বিপক্ষে ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় জিতেছে ওর্কেস্টারশায়ার। যেখানে ৯৬ বলে ১০৯ রান করে দলের জয় নিশ্চিত করেন জ্যাক লিবি। যা চলতি আসরে তার টানা তৃতীয় ম্যাচে ১০৯ রান। এর আগে মিডলসেক্সের দেওয়া ২৯৪ রানের লক্ষ্য তাড়ায় ১১৪ বলে ১০৯ রানের ইনিংস খেলেন লিবি।
এ ছাড়া ডানহাতি এই ব্যাটার এসেক্সের বিপক্ষেও ১০০ বলে ১০৯ রান করেছিলেন। যদিও তার দল ওর্কেস্টারশায়ার ম্যাচটিতে ৩৭৭ রানের লক্ষ্য তাড়ায় ২৬৯ রানে অলআউট হয়ে যায়। সবমিলিয়ে ৬ ম্যাচের মধ্যে ৪ জয়ে লিবির দল ওয়ানডে কাপের ‘বি’ গ্রুপে ৪ নম্বরে অবস্থান করছে।
— Worcestershire CCC (@WorcsCCC) August 7, 2026
এখন ৫৬ লিস্ট ‘এ’ ম্যাচে লিবি ষষ্ঠবারের মতো সেঞ্চুরি করলেন। এই সংস্করণে তার ফিফটি ১৮টি এবং ২ হাজার ৪৫৬ রান করেছেন তিনি। তার ব্যাটিং গড় এখন ৬১.৪। রুতুরাজ ৫৮.৬১ গড় নিয়ে লিস্ট ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটে দুইয়ে আছেন। তালিকায় এর পরের অবস্থানে আছেন স্যাম হেইন (৫৮.১৮), মাইকেল বেভান (৫৭.৮৬), বিরাট কোহলি (৫৭.৮) ও চেতেশ্বর পূজারা (৫৭.০১)।
এএইচএস
