অস্ট্রেলিয়ার সামনে ঠাসা আন্তর্জাতিক সূচি। আগামী ১২ মাসে খেলতে হবে ২০টি টেস্ট ও ১৪টি সাদা বলের ম্যাচ। এর মধ্যে আছে বর্ডার-গাভাস্কার ট্রফি, অ্যাশেজ। এরপর ২০২৭ সালের অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ।
এই ব্যস্ত সূচির মাঝেই হবে আইপিএল। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজলউডের মতো অজি তারকারা বিভিন্ন আইপিএল দলের সঙ্গে চুক্তিবদ্ধ। তাই ক্রিকেটারদের ক্লান্তি ও চোটের ঝুঁকি মাথায় রেখে এখন থেকেই পরিকল্পনা করতে হচ্ছে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে। তাতে আগামী আইপিএলে অজি ক্রিকেটারের সংখ্যা কমতে পারে।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে আগামী ২২ আগস্ট শুরু হবে অস্ট্রেলিয়ার নতুন মৌসুম। এরপর একের পর এক গুরুত্বপূর্ণ সিরিজ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ এবং টেস্ট বিশ্বকাপের ফাইনালের মাঝেই পড়বে আইপিএল। স্বাভাবিকভাবেই বিষয়টি ভাবাচ্ছে ম্যাকডোনাল্ডকে।
এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার কোচ বলেছেন, 'এখন থেকেই সবাই আইপিএল নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। জানি, সবাই আইপিএলের দিকে তাকিয়ে থাকে। আমাদের বেশ ঠাসা সূচি রয়েছে। তাই আগে থেকেই আমাদের পরিকল্পনায় আইপিএলকেও রাখতে হচ্ছে।'
আইপিএলের গুরুত্বও অস্বীকার করছেন না ম্যাকডোনাল্ড। তার মতে, বিশ্বের সেরা ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় খেলেন। তাই অজি ক্রিকেটারদেরও আইপিএল থেকে উপকৃত হওয়ার সুযোগ রয়েছে। তবে ভারসাম্যটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ম্যাকডোনাল্ড বলেছেন, 'নিঃসন্দেহে আইপিএল এখন বিশ্বের সেরা টি-টোয়েন্টি প্রতিযোগিতা। খেললে আমাদের ক্রিকেটাররাও উপকৃত হবে। তাই আইপিএলকে পরিকল্পনা থেকে বাদ রাখা যায় না। তবে আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে।'
এইচজেএস
