বিশ্বকাপসহ ফিফার সব টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বিক্রি করে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন এর প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে এবং বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়। ইনফান্তিনো আরও কয়েকটি ফুটবল সংস্থার আপত্তির মুখে সেই পরিকল্পনা বাতিল করলেও উয়েফা তাকে সরানোর পায়তারা করছে।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এমন অবস্থানের পেছনের কারণ খুঁজে বের করতে গিয়ে ফিফা প্রেসিডেন্টের উপদেষ্টা হিশাম খারজা বললেন, উয়েফা ফুটবল বিশ্বে আধিপত্য হারানোর ভয় পাচ্ছে। ফিফার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক পরিচালকের মতে, ইনফান্তিনোকে নিয়ে এমন আক্রমণ মোটেও সমীচীন নয়।
সাবেক মরক্কান আন্তর্জাতিক ফুটবলার বললেন, ‘আসল সমস্যা হলো ইউরোপ ভাবছে, তারা হুমকির মুখে আছে। তারা অন্য মহাদেশের ফুটবলে অগ্রগতি দেখতে পাচ্ছে। আজ একজন মরককান হিসেবে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, ইউরোপে জন্ম ও প্রশিক্ষণপ্রাপ্ত দ্বৈত নাগরিকত্বের তরুণরা মরক্কোর হয়ে খেলতে চাইছে, তারা তাদের শেকড়ের দলে খেলতে চাইছে। আর এটাই ইউরোপকে বিচলিত করছে, যেখানে স্বার্থপরের মতো তারা কেবল নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে।’
তিনি বলে গেলেন, ‘ইনফান্তিনোকে নিয়ে আক্রমণাত্মক যারা, তাদের সবাই ইউরোপের। তারা আসন্ন প্রতিযোগিতা ভয় পাচ্ছে। তারা তাদের আধিপত্য হারানোর ভয় পাচ্ছে এবং তারা ফুটবলের একক আধিপত্য ধরে রাখতে চায়। কিন্তু না ফুটবল তো সবার।’
এফএইচএম
