বিজ্ঞাপন

‘বৈভবের বয়স ১৭ কিংবা ১৮ হলেও কিছু আসে যায় না’

‘বৈভবের বয়স ১৭ কিংবা ১৮ হলেও কিছু আসে যায় না’

বয়স মাত্র ১৫। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে বয়সের হিসাবটাই যেন ভুলে যেতে হচ্ছে ক্রিকেট বিশ্বকে। ভারতের এই কিশোর ব্যাটারের আগ্রাসী ব্যাটিং মুগ্ধ করেছে অনেককেই। তবে একই সঙ্গে জন্মতারিখ নিয়েও তৈরি হয়েছে বিস্ময়।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লিরও সেই বিস্ময় কাটেনি। তবে বৈভবের বয়স নিয়ে কোনো সংশয় পোষণ করছেন না তিনি। বরং তার মতে, এত কম বয়সে বৈভব যেভাবে পেসের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করছে, সেটাই ক্রিকেট বিশ্বের কৌতূহলের বড় কারণ।

ব্রেট লি বলেছেন, 'বৈভব অবিশ্বাস্য ক্রিকেটার। ভারতের বাইরে সবাই জানতে চায়, ওর বয়স সত্যিই ১৫ কি না। ওর বয়সই সম্ভবত এখন ক্রিকেট মহলে সবচেয়ে আলোচিত বিষয়। আমি কিন্তু বৈভবের বয়স নিয়ে একদমই চিন্তিত নই। ওর বয়স সত্যিই ১৫ হলে তো দারুণ ব্যাপার। যদি ১৭ বা ১৮ হয়, তাতেই বা কী যায় আসে। ছেলেটা ক্রিকেটটা খেলতে পারে। এটাই আসল।'

বৈভবকে ভারতের জন্য ‘দুর্দান্ত আবিষ্কার’ বলেও উল্লেখ করেছেন ব্রেট লি। তার আশা, ভবিষ্যতে এই কিশোর ব্যাটার বড় কিছু অর্জন করবে। তার মতে, বৈভবের বয়স নিয়ে আলোচনার চেয়ে বরং তার ব্যাটিং নিয়ে আলোচনা হওয়া উচিত। কারণ অল্প বয়সেই যে ধরনের পরিপক্বতা ও সাহস দেখাচ্ছে, সেটাই বেশি বিস্ময়ের।

ব্রেট লি বলেছেন, 'বৈভব অল্প সময়ের মধ্যেই আইপিএল মাতিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার বোলারদের পিটিয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৯৭ রান করেছিল। অস্ট্রেলিয়ার বোলাররা কিন্তু খারাপ বল করেনি। বৈভব আসলে ভালো বলগুলোও হুক করছিল!'

এইচজেএস