এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন ইংলিশ প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস। যশোরের শামস-উল-হুদা একাডেমিতে শনিবার অনুশীলন শুরু করে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের জার্সিতে স্বপ্নের কথা জানিয়েছেন অ্যাডাম।
নিজের শেকড়ের টানে বাংলাদেশে আসার অনুভূতি জানিয়ে অ্যাডাম বলেন, ‘আমি এই ভালোবাসার কদর করি। বাংলাদেশের হয়ে খেলা এবং বাংলাদেশের জন্য নির্বাচিত হওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। অবশ্যই এটি আমার মায়ের দেশ, তাই পরিবারের সবাই খুব গর্বিত। আমি মাঠে নেমে ফুটবল খেলার জন্য উন্মুখ হয়ে আছি।'
ইংল্যান্ডে বেড়ে ওঠা অ্যাডাম বাংলাদেশের ফুটবলে সম্পৃক্ততা নিয়ে বলেন, 'আমি জানতে পারি যে বাংলাদেশের একটি দল আছে। আমি হামজা চৌধুরী এবং জাতীয় দলে খেলা আমার বয়সী আরও কয়েকজন খেলোয়াড় সম্পর্কে জানতাম। তারপর কারও সঙ্গে যোগাযোগ করি এবং সেখান থেকেই সব শুরু হয়। তবে আমার মূল লক্ষ্য হলো শান্ত থেকে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং নিজের ফুটবলটা খেলে যাওয়া।'
বাংলাদেশ অ-২০ দলের কোচ জেরার্ড জোন্স। ইংলিশ কোচের প্রশংসা করে আব্বাস বলেন, ‘জেরার্ড চমৎকার কিছু ড্রিল করিয়েছেন। তার একটা কথা আছে, প্রতিপক্ষের চেয়ে বেশি দৌড়াও, বেশি পরিশ্রম করো, ভালো খেলো, বেশি গোল করো এবং ভালো ডিফেন্স করো। সব পরিস্থিতিতে প্রতিপক্ষের চেয়ে শ্রেষ্ঠত্ব বজায় রাখার চেষ্টা করাই আমাদের লক্ষ্য।’
দলের পরিবেশ নিয়ে অ্যাডাম বলেন, ‘দলের সবাই কঠোর পরিশ্রম করছে। আমি এখানে কেবল দুই-একদিন হলো এসেছি, কিন্তু ইতোমধ্যে বুঝতে পারছি দলের মানসিকতা কতটা ইতিবাচক। আজ আমার প্রথম সেশন ছিল এবং এটি খুব ভালো কেটেছে। ট্রেনিংয়ের সব আয়োজন দারুণ ছিল।'
এজেড/এইচজেএস
