ফ্রান্সের ডিফেন্ডার লুকাস দিনিয়ে। ১১ বছর পর আবার স্বদেশ প্রত্যাবর্তন হলো তার। পুরোনো ক্লাব প্যারিস সেন্ট জার্মেই আবার ফেরাল তাকে।
রোববার লিগ ওয়ান চ্যাম্পিয়নরা জানিয়েছে, অ্যাস্টন ভিলা থেকে দিনিয়ের সঙ্গে পুনরায় চুক্তি করেছে তারা। ২০২৯ সাল পর্যন্ত তিনি প্যারিস ক্লাবে থাকবেন। যেখানে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুটি লিগ ওয়ান, একটি ফ্রেঞ্চ কাপ ও দুটি লিগ কাপ জিতেছিলেন ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে।
চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি। কিন্তু ব্রিটিশ মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই লেফট ব্যাকের জন্য ৮৫ লাখ পাউন্ডের রিলিজ ক্লজ সক্রিয় করেছে ইউরোপ চ্যাম্পিয়নরা।
দিনিয়ে চুক্তির পর বলেছেন, ‘১০ বছরের বেশি সময় আগে এখানে চমৎকার অভিজ্ঞতা হয়েছিল আমার। আবার প্যারিস সেন্ট জার্মেইতে ফিরতে পেরে আমি খুবই সম্মানিতবোধ করছি। এই নতুন অধ্যায় শুরু করতে এবং আমার সব অভিজ্ঞতা ক্লাবের জন্য কাজে লাগাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
পিএসজিতে যোগ দেওয়ার আগে লিলে ক্যারিয়ার শুরু করেছিলেন দিনিয়ে। পরে রোমায় এক মৌসুম ধারে খেলেন। ২০১৬ সালে বার্সেলোনায় চলে যান দিনিয়ে। স্প্যানিশ জায়ান্টদের হয়ে দুই মৌসুমে ৪৬ ম্যাচ খেলে একটি লা লিগা, দুটি কোপা দেল রে ও একটি স্প্যানিশ সুপার কাপ জেতেন।
২০১৮ সালে এভারটনে যোগ দেন তিনি। প্রিমিয়ার লিগ ক্লাবে চার বছর কাটিয়ে অ্যাস্টন ভিলায় চলে যান। ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার ভিলা পার্কে সাড়ে চার বছর পার করেন। ২০২৬ সালে ক্লাবকে ইউরোপা লিগ জেতাতে সাহায্য করেন তিনি।
২০১৪ সাল থেকে ফ্রান্সের জার্সিতে খেলা দিনিয়ে দেশকে দুটি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন। জাতীয় দলে ৬৪ ম্যাচ খেলেছেন তিনি।
এফএইচএম
