১৯৯৭ সালে বার্সেলোনা ছেড়ে যাওয়ার পেছনের অন্যতম একটি চাঞ্চল্যকর ঘটনার কথা প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ‘দ্য ফেনোমেনন’ রোনালদো।
বার্সেলোনায় মাত্র এক মৌসুম কাটান সাবেক এই ব্রাজিলিয়ান তারকা। তবে সেখানে তিনি যে খুব সুখে ছিলেন, সেটি জোর দিয়েই বলেছেন। থেকে যাওয়ার জন্য তিনি তাদের সঙ্গে একটি সমঝোতায়ও পৌঁছেছিলেন। কিন্তু পরবর্তীতে বার্সেলোনা ম্যানেজমেন্ট তাদের অবস্থান বদলে ফেলে। না চাইলেও ক্লাবটির সঙ্গে তার সম্পর্কের অবসান ঘটে।
স্পেনভিত্তিক ‘স্পোর্ট’ পত্রিকা রোনালদোর বার্সা ছাড়ার কারণ নিয়ে দেওয়া বক্তব্য প্রকাশ করে। তিনি বলেছেন, ‘আমি বার্সেলোনায় খুব খুশি ছিলাম। আমার এজেন্ট সেখানে ছিল এবং শেষ পর্যন্ত তারা একটি চুক্তিতে পৌঁছেছিল।’
তিনি আরও যোগ করেন, ‘তারা আমাকে ফোন করে জানিয়েছিল: দেখুন, আমাদের মধ্যে চুক্তি হয়ে গেছে। নতুন চুক্তিতে আপনি বার্সেলোনাতেই থাকছেন। আমরা খুব খুশি এবং বার্সেলোনাও খুশি।’
কিন্তু তার কয়েক দিন পরেই সব বদলে যায়। রোনালদো জানান, সেই ফোনালাপের ঠিক তিন দিন পর বার্সেলোনা তাদের অবস্থান পরিবর্তন করে এবং তাকে ক্লাব থেকে চলে যাওয়ার দরজা দেখায়।
‘দ্য ফেনোমেনন’ ব্যাখ্যা করে বলেন, ‘তিন দিন পর তারা আমাকে আবার ফোন করে বলল: দেখুন, আমরা আপনার সাথে এই চুক্তি সই করতে পারছি না। আপনার যদি অন্য কোথাও যাওয়ার সুযোগ থাকে, তবে রিলিজ ক্লজের নির্ধারিত অর্থ নিয়ে আসতে পারেন এবং আপনি যেতে পারেন।’
ক্লাবের এমন আকস্মিক সিদ্ধান্তে গভীর হতাশা নিয়ে রোনালদো ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন। তিনি উল্লেখ করেন, ‘আমি তাদের বলেছিলাম: দেখুন, আমি আর বার্সেলোনায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। কারণ এই মানুষেরা নিজেদের কথার মর্যাদা দেয় না। তাই আমি চলে যেতে চাই।’
সবশেষে তিনি বলেন, ‘এরপর ইন্টার মিলান এগিয়ে এল। তারা বার্সেলোনাকে অর্থ পরিশোধ করল। আমার মনে হয় অঙ্কটা তখন প্রায় ৪০ মিলিয়ন ইউরোর মতো ছিল এবং এটা ছিল সেই সময়ে অনেক বড় পরিমাণ। আর এভাবেই আমি ইতালিয়ান ক্লাবটিতে চলে গেলাম।’
এফএইচএম
