হাঙেরি থেকে আজ (সোমবার) সকালে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। দেশে পা রাখতেই সুখবর পেয়েছেন। এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
নীড় বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু। অল্প বয়সে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক মাস্টারও হয়েছেন। এখন রয়েছেন গ্র্যান্ডমাস্টার হওয়ার অপেক্ষায়। দেশ ও বিদেশে খেলছেন প্রতিনিয়ত। এর মধ্যেও পড়াশোনায় দারুণ ফলাফলও করেছেন।
নীড় অত্যন্ত মেধাবী। খেলার পাশাপাশি পড়াশোনাতেও মেধার স্বাক্ষর রেখেছেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। হাঙেরি থেকে নেমে পরীক্ষার ফলাফল পেয়ে নীড়ের প্রতিক্রিয়া, ‘জিপিএ ফাইভ পেয়েছি ভালো লাগছে। তবে জিএম (গ্র্যান্ড মাস্টার) নর্ম নিয়ে দেশে ফিরতে পারলে আরও বেশি খুশি হতাম।’ সারা বছর খেলা নিয়ে ব্যস্ততার মধ্যে পড়াশোনার সমন্বয় নিয়ে নীড়ের বক্তব্য, ‘পরীক্ষার আগে এক মাসই মূলত বেশি সময় দিয়ে পড়েছি। খেলার মতো পড়াশোনাতেও ভালো ফলাফলের কৌশল রয়েছে।’
নীড় হাঙেরিতে জিএম নর্মের জন্য গিয়েছিলেন। কয়েকজন গ্র্যান্ডমাস্টারকে রুখে জিএম নর্মের খুব কাছাকাছি ছিলেন। শেষ রাউন্ডে জিতলেই জিএম নর্ম পেতেন। মানসিক চাপে শেষ রাউন্ডে হেরে যাওয়ায় আর নর্ম হয়নি। তাই খানিকটা হতাশ এই দাবাড়ু।
এজেড/এফএইচএম
