বিজ্ঞাপন

‘বিদ্রোহ’ করেই ভারতীয় দলে ফিরেছেন সরফরাজ!

‘বিদ্রোহ’ করেই ভারতীয় দলে ফিরেছেন সরফরাজ!

ব্যাট হাতে ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়ে চলেছেন বছরের পর বছর। তবুও অজানা কারণে নির্বাচকদের সেভাবে নজর কাড়তে পারেননি ভারতীয় ব্যাটার সরফরাজ খান।

২০২৪ সালে দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পাওয়ার পর হার্শা ভোগলে এক প্রতিক্রিয়ায় বলেছিলেন, “ভারতীয় নির্বাচকদের দরজা ভেঙেই দলে এসেছেন সরফরাজ।”

যদিও দলে ফিরেও জায়গাটা পাকাপোক্ত করতে পারেননি। আবারও দীর্ঘ সময়ের জন্য বাদ পড়ে যান। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আরও একবার ডাক পড়ল তার। 

চোটের কারণে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সাই সুদর্শন। তার জায়গায় ডাক পেয়েছেন সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেও প্রায় ৩ বছর জাতীয় দলে সুযোগ মেলেনি। সম্প্রতি নাম না করে এই বঞ্চনা নিয়ে বিস্ফোরক পোস্টও করেছিলেন। 

রঞ্জি হোক বা বিজয় হাজারে ট্রফি, তিনি আগুনে ফর্মে ব্যাট করেছেন। সর্বত্র রানের ধারা অব্যাহত ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬২টি ম্যাচে প্রায় ৬৪.৭৩ গড়ে রান করেছেন। ২০২৪-এ মাত্র ৬টি টেস্ট খেলার সুযোগ পান। ৩৭১ রান করেন। সর্বোচ্চ ছিল ১৫০। তারপর আর ভারতীয় দলে ডাক পাননি। এ নিয়ে কম বিতর্ক হয়নি।

গত বৃহস্পতিবার সরফরাজ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ২০১৯ সালে ‘জার্সি’ সিনেমার একটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে লেখা ছিল, ‘আমি হয়তো তোমাদের অঙ্কে ঢুকতে পারছি না। কিন্তু আমি সর্বস্ব দিয়ে লড়াই করব।’ অর্থাৎ যেন বলতে চাইলেন, দলে সুযোগ না পেলেও লড়াই চালিয়ে যাবেন। তার পরপরই সুদর্শনের চোটের খবর প্রকাশ্যে আসে। এরপর ডাক পেলেন সরফরাজ। 

দলে সুযোগ পেয়ে নিজের প্রতিক্রিয়ায় সেভাবে কিছু বলেননি সরফরাজ। সোশ্যাল মিডিয়ায় নিজের দু’টি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটাররা যে জার্সি পরে এক শহর থেকে আরেক শহর বা এক দেশ থেকে আরেক দেশে যান, সেই জার্সি পরে রয়েছেন সরফরাজ। একটি ছবিতে তার সঙ্গে রয়েছেন বাবা নওশাদও। সরফরাজের মুখে হাসি। দেখে বোঝা যাচ্ছে, আরও একবার সুযোগ পেয়ে কতটা খুশি তিনি।

এফআই