বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে গ্রিনের ভূমিকা কী হবে জানালেন অস্ট্রেলিয়া কোচ

বাংলাদেশের বিপক্ষে গ্রিনের ভূমিকা কী হবে জানালেন অস্ট্রেলিয়া কোচ

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ক্যামেরন গ্রিন ভালো কিছু করতে পারবেন, বিশ্বাস অস্ট্রেলিয়া প্রধান কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ডের। তিনি জোর দিয়ে বললেন, এই অলরাউন্ডারের ভূমিকা তার পারফরম্যান্স দিয়েই নির্ধারণ হবে।

অস্ট্রেলিয়ার ১৩ জনের স্কোয়াডে ৩০ বছরের কম বয়সী একমাত্র খেলোয়াড় গ্রিন। ২০২০ সালে অভিষেকের পর ৩৭ টেস্ট খেলেছেন। এই সময়ে তিন থেকে সাত পর্যন্ত সব পজিশনেই ব্যাট করেছেন তিনি। দলের ভারসাম্য ও পরিস্থিতি বিবেচনায় তার পজিশন প্রায় সময় পরিবর্তন করা হয়েছে।

ম্যাকডোনাল্ড বললেন, ‘আমরা বিশ্বাস করি ক্যাম গ্রিন অত্যন্ত দক্ষ একজন খেলোয়াড় এবং মাঝে মাঝে তার পারফরম্যান্সকে প্রেক্ষাপট ছাড়া একটু আলাদাভাবে দেখা হয়েছে।’

কোচ গ্রিনের বহুমুখী প্রতিভার দিকেও ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, ব্যাটিং অর্ডারে তার অবস্থান পরিবর্তন মূলত তার ফর্ম এবং দলের প্রয়োজনীয়তারই প্রতিফলন। তার কথা, ‘এই পুরো যাত্রায় সে ৩, ৪, ৫, ৬ এবং ৭ নম্বরে ব্যাট করেছে। আর এটি সম্ভবত তার ফর্ম এবং দলের সাথে মানিয়ে নেওয়ার একটি প্রতিফলন।’

গত মার্চে সিডনিতে একটি ঘরোয়া ম্যাচে সেঞ্চুরি করে গ্রিন তার ব্যাটিং দক্ষতার প্রমাণ দিয়েছিলেন। তবে একটি হতাশাজনক টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল কাটানোর পর তার সাম্প্রতিক আন্তর্জাতিক পারফরম্যান্স নজরদারিতে রয়েছে।

ম্যাকডোনাল্ড স্পষ্ট করে দিয়েছেন যে, অস্ট্রেলিয়ার সেরা সাত ব্যাটারের মধ্যে গ্রিন নির্বাচিত হলে ব্যাটিংই তার প্রধান অগ্রাধিকার থাকবে এবং তার বোলিং অতিরিক্ত সুবিধা প্রদান করবে।

তিনি বললেন, ‘আমি মনে করি সেরা ছয় বা সাত ব্যাটারের মধ্যে থাকা যেকোনো অলরাউন্ডারের জন্য ব্যাটিংয়েই মূল মনোযোগ থাকে এবং বোলিং এমন একটি অতিরিক্ত ক্ষেত্র যেখানে তারা প্রভাব ফেলতে পারে।’

ম্যাকডোনাল্ডের মতে, গ্রিনের একমাত্র পূর্বনির্ধারিত ভূমিকা থাকবে দলে কী অবদান রাখতে পারেন সেটা। কোচ বললেন, ‘মূলত বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে যখন আমরা চূড়ান্ত একাদশ নির্ধারণ করব, তখন আমাদের মূল লক্ষ্য থাকবে পর্যাপ্ত রান নিশ্চিত করা। সেটাই আদর্শ হবে, তবে তার পারফরম্যান্সই আমাদের পরিচালিত করবে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।’

আগামী ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। 

এফএইচএম