এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাইয়ের জন্য বাংলাদেশ দল যশোরে ক্যাম্প করছে। সেই ক্যাম্প থেকে গতকাল ঢাকায় ফিরে এসেছেন ইংলিশ হেড কোচ জেরার্ড জোন্স। বাফুফের সঙ্গে বেতন সংক্রান্ত বিষয় নিয়ে একটি বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন। যা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে।
ঘণ্টা দুয়েক আগে জোন্স তার সামাজিক মাধ্যমে লেখেন,‘আমার পরিবার এবং নিজের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। ক্রমাগত ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। বেতনের অপেক্ষায় আছি। আমার কাছে কোনো টাকা নেই এবং আমার স্ত্রী ও সন্তানদের খাওয়ার জন্য টাকা পাঠাতে পারছি না। আমি আমার জীবনের জন্য শঙ্কিত এবং খুব ভয়ে আছি।’

বিদেশি কোচের এমন কাণ্ডে বিব্রত ফুটবল ফেডারেশন। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ঢাকা পোস্টকে বলেন,‘চুক্তি অনুযায়ী মাসের ১০ তারিখ তার বেতন দেওয়ার কথা। আজ তার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। সেটা ইংল্যান্ডে পাঠাতে প্রক্রিয়া রয়েছে। সেটা আমরা করছি, বৃহস্পতিবারের মধ্যে ইংল্যান্ডে সেই অর্থ যাবে।’
এক দেশ থেকে আরেক দেশে অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের নিয়ম রয়েছে। বাফুফের অ্যাকাউন্ট থাকা ব্যাংকে গিয়েও কোচ বাজে আচরণও করেছেন। এমন কাণ্ডে খুবই বিব্রত ফেডারেশন, ‘কোচকে সামগ্রিক বিষয়ের জন্য সতর্ক করে চিঠি দেওয়া হচ্ছে। এমন আচরণ মোটেও প্রত্যাশিত নয়’- বলেন সাধারণ সম্পাদক।

জোন্স কোচ হিসেবে যথেষ্ট ভালো তবে তার আচার আচরণে বাফুফেতে অসন্তোষ রয়েছে। জাতীয় দলের সিনিয়র কোচ থমাস ডুলিও ফেসবুকে অত্যন্ত সরব। জোন্সের কাণ্ড বাফুফেকে নতুন করে ভাবাচ্ছে।
এজেড/
