সপ্তাহ তিনেক আগে একযোগে ২৭ ফেডারেশনের এডহক কমিটি দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। নব গঠিত সব ফেডারেশনকেই ৯০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশনা ছিল জাতীয় ক্রীড়া পরিষদের। সেই আলোকে হকি ফেডারেশন আজ নতুন কমিটির প্রথম সভায় তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছে।
ফুটবল ফেডারেশন বাদে দেশের সকল ফেডারেশনের নির্বাচন পরিচালনা করে জাতীয় ক্রীড়া পরিষদ। সংশ্লিষ্ট ফেডারেশন তাদের গঠনতন্ত্র মোতাবেক অধিভুক্ত প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি মনোনয়ন চেয়ে ভোটার তালিকা করে। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচন পরিচালনা করে।
দেশের প্রায় সকল ফেডারেশনে জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব রয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে সকল জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটি। জেলা-বিভাগ পর্যায়ে নির্বাচিত কমিটির আগে ফেডারেশনের নির্বাচন হলে একটা সংকট তৈরি হতে পারে। যদিও ক্রিকেট বোর্ডে নির্বাচন এভাবেই হয়েছে।
আজ সকালে তেজগাঁওস্থ বিমান বাহিনীর ফ্যালকন সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী পরিষদের সভাপতি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সভার শুরুতেই হকি কিংবদন্তি মরহুম আব্দুস সাদেকের স্মরণে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় পূর্ববর্তী মিটিংসমূহের কার্যবিবরণী অনুমোদন করার পাশাপাশি ফেডারেশনের আগামী দিনের বাজেট অনুমোদন করা হয়। একই সাথে হকির তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরীর লক্ষ্যে ১২টি কমিটি গঠন এবং ঘরোয়া লিগসমূহ নিয়মিত আয়োজনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের আগে ঘরোয়া লিগ মাঠে গড়ায় কি না সেটাই দেখার বিষয়।
এজেড/এইচজেএস
