বিজ্ঞাপন

ভারতের কোচ হওয়ার প্রস্তাব যে কারণে ফিরিয়ে দেন লক্ষ্মণ

ভারতের কোচ হওয়ার প্রস্তাব যে কারণে ফিরিয়ে দেন লক্ষ্মণ

রাহুল দ্রাবিড় ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ভিভিএস লক্ষ্মণকে। কিন্তু তিনি রাজি হননি। ফলে গৌতম গম্ভীরকে দায়িত্ব দেওয়া হয়। কেন কোচের প্রস্তাব ফিরিয়েছেন লক্ষ্মণ? 

২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর প্রথমবার কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল দেশটির সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণকে। তিনি রাজি না হওয়ায় ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড়ই দায়িত্ব সামলান। পরে কোচ হন গম্ভীর।

সম্প্রতি লক্ষ্মণ জানালেন নেপথ্য গল্প। তিনি বলেন, ‘২০২৩ সালে আমার প্রধান কোচ হওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে আমি সরে আসি। আমি জয় শাহকে দু’বার আমার কারণ জানিয়েছিলাম। উনি সেটা বুঝেছিলেন। পরে দেবজিৎ ও বোর্ডের বাকিরাও আমার কথা বুঝেছেন। আমি প্রধান কোচের দায়িত্ব নিইনি। কিন্তু সেন্টার অব এক্সেলেন্সকে আমি তৈরি করে দিয়ে যাব। দু’বছর পর সরে যাওয়ার আগে আমি একটা সিস্টেম তৈরি করে দেব।’

দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পর তৎকালীন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নিয়েছিলেন লক্ষ্মণ। পরে সেই নাম বদলে সেন্টার অফ এক্সেলেন্স হলেও লক্ষ্মণই দায়িত্বে থেকে গিয়েছেন।

ভারতীয় দলের প্রধান কোচ না হলেও দ্রাবিড় বা গম্ভীর যখনই কোনও সিরিজে দলের সঙ্গে যাননি, লক্ষ্মণ সেই দায়িত্ব সামলেছেন। কয়েক দিন আগে জিম্বাবুয়ে সিরিজে তার কোচিংয়েই ৩-০ জিতেছে ভারতীয় দল। তারপরেও গম্ভীরের বদলে তাকে কোচ করার দাবি তুলেছেন দেশটির সমর্থকদের একটা অংশ। এবার লক্ষ্মণ নিজেই জানিয়ে দিলেন, প্রস্তাব পেলেও রাজি হননি তিনি।

এর মধ্যেই জানা গিয়েছিল, লক্ষ্মণকে নির্বাচক প্রধানের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে তিনি নিজেই সেই জল্পনা উড়িয়েছেন। লক্ষ্মণ বলেন, ‘আমি সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে চুক্তি আরও দু’বছর বাড়িয়ে নিয়েছি।’

এফআই