বার্সেলোনা থেকে ফেরান তোরেসকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে পিএসজি। স্প্যানিশ ফরোয়ার্ডকে পেতে কাতালান ক্লাবটিকে ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। সাংবাদিক ফাব্রিজিও রোমানো এ খবর জানিয়েছেন।
পিএসজির সঙ্গে তোরেসের ব্যক্তিগত সমঝোতার বিষয়টিও নাকি অনেকটাই এগিয়ে গেছে। ফরাসি ক্লাবটির সঙ্গে স্প্যানিশ ফরোয়ার্ডের মৌখিক চুক্তি খুব কাছাকাছি বলে জানা গেছে। বার্সেলোনার সঙ্গে আলোচনাও এখন শেষ পর্যায়ে। সব মিলিয়ে দলবদলটি দ্রুতই চূড়ান্ত হওয়ার পথে।
তোরেসের সম্ভাব্য নতুন ঠিকানা হতে পারে ফ্রান্স। সেখানে তার পুনর্মিলন হবে লুইস এনরিকের সঙ্গে। স্পেন জাতীয় দলে এই কোচের অধীনেই খেলেছেন তোরেস।
গত চার বছর বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম সদস্য ছিলেন তোরেস। ২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০০-এর বেশি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৬৫টি।
গত মৌসুমেও বার্সেলোনার হয়ে ৪৯ ম্যাচে মাঠে নেমেছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে নিয়মিতভাবে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ইচ্ছাই তাকে ক্লাব ছাড়ার সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে বলে জানা গেছে।
এইচজেএস
