বিজ্ঞাপন

সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি

সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি গত কয়েক মাস ধরে হুমকি দিয়ে লেখা চিঠি পেয়েছেন। উদ্বেগজনক ব্যাপার, সবশেষ এক চিঠিতে তাকে ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলির প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকিধামকির বিষয়টি শুরুতে গুরুত্ব না দিলেও এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন সৌরভ।

সোমবার এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, তাদের কাছে অভিযোগ দায়ের করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার। বর্তমানে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রধান। বার্তা সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, চিঠি কোথায় থেকে আসছে, কারা পাঠাচ্ছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার সিএবি দপ্তরে পাঠানো এক চিঠি পাওয়ার পর দক্ষিণ কলকাতার ঠাকুরপুর পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দেন সৌরভ। এর আগে গত ছয় মাস ধরে বিভিন্ন সময় সাবেক বিসিসিআই প্রেসিডেন্টের নামে চিঠি এসেছে। কিন্তু সোমবার দুটি চিঠির একটি পড়ে আতঙ্কিত তিনি। তাকে ও তার স্ত্রী ডোনাসহ নিকট আত্মীয়দের হত্যার হুমকি দেওয়া হয়েছে তাতে। 

Image
প্রাণনাশের হুমকি দিয়ে পাঠানো চিঠি

‘আমরা অভিযোগটিকে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং একটি তদন্ত শুরু করেছি। দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে আমরা চিঠিগুলো, সেগুলোর উৎস এবং কুরিয়ারের গতিপথ খতিয়ে দেখছি,’ বললেন ওই কর্মকর্তা। প্রাথমিক তদন্তে জানা গেছে, চিঠিগুলো পাঠানো হয়েছে কুরিয়ারের মাধ্যমে। সন্দেহভাজন ব্যক্তি উত্তর চব্বিশ পরগণা জেলার বেলগাড়িয়ার।

পুলিশ প্রেরকের ব্যবহৃত বলে অভিযুক্ত সিমকার্ডের গতিবিধি খতিয়ে দেখতে শুরু করেছে এবং চালানগুলোর বিস্তারিত সংগ্রহে সংশ্লিষ্ট কুরিয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। সব চিঠিই একজন পাঠিয়েছেন কি না এবং হুমকির পেছনে কারণ কী, তা জানতে কাজ করছে পুলিশ।

এফএইচএম