অফ সিজনে অনেক জাতীয় ফুটবলার জেলা পর্যায়ে স্থানীয় টুর্নামেন্টে খেলে থাকেন। সামাজিক-রাজনৈতিক অনুরোধের পাশাপাশি অনেকে অর্থের জন্যও খেলেন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফুটবলারদের ‘খ্যাপ’ খেলার বিষয়ে কঠোর সমালোচনা করেছেন।
গতকাল রাতে ক্রীড়া সাংবাদিকদের আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘সরকার থেকে প্রতি মাসে ফুটবলাররা এক লাখ অর্থ পাচ্ছে। এরপরও কেন খ্যাপ খেলতে হবে সেটা আমার নিজের কাছেই প্রশ্ন জেগেছে। টাঙ্গাইল ও আরেকটি জেলায় আমি টুর্নামেন্টে অতিথি হয়ে গিয়েছিলাম সেখানে জাতীয় ফুটবলারদের খেলতে দেখেছি।’
অফ সিজনে স্থানীয় টুর্নামেন্টে খেলে বাড়তি আয় করা বাংলাদেশের ফুটবলারদের পুরনো অভ্যাস। ক্লাব ও সরকার থেকে অর্থ পেলেও এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেননি। খ্যাপ খেলায় ফুটবলারদের ইনজুরি ঝুঁকি থাকে অনেক। ক্রীড়া প্রতিমন্ত্রী প্রথমেই ফুটবলারদের শাস্তির আওতায় আনতে চান না, ‘বাফুফে সভাপতির সঙ্গে আমার এই বিষয়ে আলাপ হয়নি। দুই এক দিনের মধ্যে কথা বলব। প্রথমে সতর্ক করা হবে। এরপরও যদি কেউ করে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গত পরশু দিন বাফুফে সভাপতি বাফুফে ভবনে জাতীয় ফুটবলারদের খ্যাপ নিয়ে কথা বলেছিলেন সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে। তিনি প্রমাণ সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চেয়েছেন। এই সংক্রান্ত বিষয় বাফুফে নিজ থেকে কোনো উদ্যোগ নেয়নি সেটাও জানিয়েছেন।
এজেড/এফআই
