বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত লেভেল-২ কোচিং কোর্সে অংশ নিয়েছিলেন ৩২ জন। যেখানে পাস করতে পেরেছেন মাত্র ৮ জন। অর্থাৎ ২৪ জনই উত্তীর্ণ হতে পারেননি।
পরীক্ষায় পাস করে লেভেল-২ কোচিং সনদ পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন মো. তারিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসাইন, মো. রায়হান উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ নাজিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. শাহীন হোসাইন ও তারেক বিন দেলোয়ার।
গত ১৫ জুলাই মিরপুর শের-ই-বাংলায় শুরু হয়েছিল বিসিবির লেভেল-২ কোচিং কোর্স। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে ছয় দিনব্যাপী এই কোর্স চলে ২০ জুলাই পর্যন্ত। কোর্সটি পরিচালনা করেন আইসিসির লেভেল-৩ মাস্টার এডুকেটর বিনোদ কুমার দাস। এতে মোট ৩২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
এই কোর্সে ছিলেন সাবেক ক্রিকেটাররাও। অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জন সাবেক ক্রিকেটার ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশ পুরুষ জাতীয় দলের তিনজন এবং নারী জাতীয় দলের দুইজন সাবেক ক্রিকেটারও অংশ নেন। এ ছাড়া বিসিবির কোচ এবং বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত কোচিং প্রার্থীরাও এই কোর্সে অংশ নেন।
আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে দেশীয় কোচদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোই ছিল এই কোর্সের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে ভবিষ্যতে আরও দক্ষ কোচ তৈরি করে দেশের ক্রিকেটের কোচিং কাঠামোকে আন্তর্জাতিক মানের কাছাকাছি নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বিসিবির।
ছয় দিনব্যাপী প্রশিক্ষণ ও মূল্যায়ন শেষে ৩২ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে আটজন সফলভাবে কোর্স সম্পন্ন করেন। বিসিবির প্রকাশিত ফলাফলে তাদেরই উত্তীর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।
লেভেল-২ পর্যায়ের এই কোর্স থেকে উত্তীর্ণ কোচরা ভবিষ্যতে দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে কাজ করার সুযোগ পাবেন। এর মাধ্যমে তৃণমূল থেকে উচ্চপর্যায় পর্যন্ত আরও দক্ষ কোচ তৈরির পথ সুগম হবে।
এসএইচ
